বিক্ষোভ চলছে, বখাটের শাস্তি চেয়ে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে বখাটে যুবকের হাঁসুয়ার কোপে স্কুলছাত্রী কণিকা ঘোষ নিহত ও আরও তিনজন ছাত্রী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন হয়। এতে বিভিন্ন স্কুলের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জে বখাটে যুবকের হাঁসুয়ার কোপে স্কুলছাত্রী কণিকা ঘোষ নিহত ও আরও তিনজন ছাত্রী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন হয়। এতে বিভিন্ন স্কুলের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে বখাটে যুবকের হাঁসুয়ার (ধারালো অস্ত্র) কোপে স্কুলছাত্রী কণিকা ঘোষ (১৬) নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ ও দোষী ব্যক্তির বিচারের দাবিতে গতকাল রোববারও বিক্ষোভ মিছিল-মানববন্ধন হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া হয়েছে স্মারকলিপি।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সকাল ১০টায় এ কর্মসূচিতে বিভিন্ন স্কুলের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে এ কর্মসূচি।
সদর উপজেলার মহিপুর এস এ এম উচ্চবিদ্যালয়ের চার ছাত্রীর ওপর হামলাকারী আবদুল মালেকের শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা বখাটেদের হাতে উত্ত্যক্ত হয়ে আসছে। তারা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসা করছে। এর অবসানে প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিরোধ করতে হবে বখাটে ও মাদক ব্যবসায়ীদের।
কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এতে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে গত শুক্রবার মাদকাসক্ত আবদুল মালেকের হাঁসুয়ার কোপে নিহত হয় স্কুলছাত্রী কনিকা ঘোষ। এ গুরুতর আহত হয় তানজিমা তাহসিন, মরিয়ম খাতুন ও তারিন আফরোজ নামে কনিকার তিন সহপাঠী। তারা সবাই মহিপুর এস এ এম উচ্চবিদ্যালয়ের ১০ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। তারা রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক আবদুল মালেক শনিবার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।