বিক্ষোভ মিছিলে সহিংস জামায়াত, আহত ১০ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের নেতাদের মুক্তির দাবিতে গতকাল জামায়াত-শিবিরের কর্মীরা এলিফ্যান্ট রোডে মিছিল করেন। মিছিলে বাধা দিলে তাঁরা কর্তব্যরত পুলিশকে মারধর করেন  ছবি: সাজিদ হোসেন
দলের নেতাদের মুক্তির দাবিতে গতকাল জামায়াত-শিবিরের কর্মীরা এলিফ্যান্ট রোডে মিছিল করেন। মিছিলে বাধা দিলে তাঁরা কর্তব্যরত পুলিশকে মারধর করেন ছবি: সাজিদ হোসেন

বিক্ষোভ মিছিল থেকে আবারও পুলিশের ওপর চড়াও হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। গতকাল সোমবার রাজধানী ঢাকা, রাজশাহী, ফরিদপুর, ফেনীর সোনাগাজীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর এ হামলা চালানো হয়েছে। এতে পুলিশের অন্তত ১০ সদস্য আহত হয়েছেন। আবদুল কাদের মোল্লাসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।গতকাল দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে জামায়াতের নেতা-কর্মীরা দুই পুলিশকে পিটিয়ে আহত করেন এবং একটি পুলিশ ভ্যান ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে ইস্টার্ন মল্লিকা বিপণিবিতানের সামনে থেকে মহানগর জামায়াতের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলে ১৫-২০ জন অংশ নেন। সেখানে কর্তব্যরত তিন পুলিশের একটি দল মিছিলকে পেছন থেকে ধাওয়া করে। এ সময় পুলিশ সদস্যরা মিছিলকারীদের ধরতে গেলে তাঁরা পুলিশের ওপর চড়াও হন। ইট দিয়ে, কিল-ঘুষি-লাথি মেরে নিউমার্কেট থানার এসআই আবদুল হালিম খান ও কনস্টেবল আবদুল কাদেরকে আহত করা হয়। মিছিলকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানেও ভাঙচুর চালান। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ।রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আনোয়ার হোসেন বলেন, তিনজনকে আটক করে নিউমার্কেট থানায় নিয়ে আসা হয়েছে। এঁদের মধ্যে লস্কর মোহাম্মদ তাসলিম নামের কাফরুল থানার জামায়াতের আমিরও রয়েছেন।

রাজশাহী নগরের গণকপাড়ার মোড়ে বেলা ১১টার দিকে মিছিলের প্রস্তুতি নেন শিবিরের কর্মীরা। পুলিশ বিশাল কনফেকশনারির সামনে তাঁদের বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। পুলিশও শটগান থেকে গুলি করে পাল্টা জবাব দেয়। প্রায় ১০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে পুলিশের তিনজন কনস্টেবল আহত হন।

জামায়াতের কর্মীরা এলিফ্যান্ট রোডে পুলিশের গাড়ি ভাঙচুর করেন  ছবি: প্রথম আলো
জামায়াতের কর্মীরা এলিফ্যান্ট রোডে পুলিশের গাড়ি ভাঙচুর করেন ছবি: প্রথম আলো

ফরিদপুর জনতা ব্যাংকের মোড় থেকে বিকেলে মিছিল বের করে জামায়াত। মিছিলটি আলীমুজ্জামান বেইলি সেতুর দিকে যাওয়ার পথে ট্রাফিক পুলিশের কনস্টেবল সুশীল কুমার বসু (৪৮) তাদের সামনে পড়েন। এ সময় জামায়াতের কর্মীরা তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যান। আহত সুশীল কুমারকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জেলা জামায়াতের নেতা আবদুদ তাওয়াবসহ পাঁচজনকে আটক করেছে। ফেনীর সোনাগাজী উপজেলা সদরে সকালে মিছিল করে শিবির। মিছিল থেকে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশও লাঠিপেটা করে ও শটগানের গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়। সংঘর্ষে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ উল্লাহ, কনস্টেবল মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, নুর নবীসহ শিবিরের পাঁচ কর্মী আহত হন। চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড থেকে সকালে মিছিল বের করে জামায়াত। মিছিলটি আন্তজেলা বাসস্ট্যান্ড এলাকায় এলে তিন-চারটি ককটেল ফাটিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান জামায়াতের কর্মীরা। একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপও শুরু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। নারায়ণগঞ্জ শহরের সিরাজদৌল্লাহ সড়ক (ফলপট্টি) এলাকায় দুপুরে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে জামায়াত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়।সাতক্ষীরা শহরে সকালে মিছিল করে জামায়াত। মিছিল শেষে তারা জেলা জজকোর্টের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ১০-১৫টি ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা।

নীলফামারীর জলঢাকা উপজেলা শহরে দুপুরে মিছিল করে শিবির। এ সময় পুলিশ ধাওয়া করলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। ঘটনাস্থল থেকে শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর বাজার এলাকায় বিকেলে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিবির। তারা সেলিমনগর বাজার এলাকায় কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিলে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা, রাজশাহী, সাতক্ষীরা ও ফেনী, ফরিদপুর অফিস, চাঁদপুর, নীলফামারী, লালমনিরহাট ও নারায়ণগঞ্জ প্রতিনিধি।