বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার দাবি এএইচআরসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সব ধরনের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট এক গভীর অনিশ্চয়তার সৃষ্টি করেছে বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে হংকংভিত্তিক সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, জনগণের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। পাশাপাশি যারা বিক্ষোভ করছে, তাদেরও দায়িত্ব বিক্ষোভ যেন আইনের কাঠামোর মধ্যে থাকে, সেটি মেনে চলা।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অব্যাহত বিক্ষোভ কর্মসূচিতে দেশের সমস্ত জনসমাগমস্থল সাধারণ মানুষের জন্য অনিরাপদ হয়ে গেছে। দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। চলমান অচলাবস্থা থেকে উত্তরণে দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে বলেও এএইচআরসির বিবৃতিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি।