বিক্ষোভ-সংঘাতে পণ্ড হতে পারে নির্বাচন: দ্য গার্ডিয়ান

বিক্ষোভ ও সংঘাতের কারণে বাংলাদেশের আসছে নির্বাচন পণ্ড হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ব্রিটেনের দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে।
ব্রিটিশ দৈনিকটির আজকের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ বছরের শেষে অনুষ্ঠেয় নির্বাচন বিক্ষোভ ও সংঘাতের কারণে ভেস্তে যেতে পারে আশঙ্কা দেখা দিয়েছে। তবে সরকারের কর্মকর্তারা এখন পর্যন্ত অবিচল যে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিরোধী দলগুলোর দেশব্যাপী বিক্ষোভ আয়োজনের ঘোষণা নির্বাচনের আগে দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হয়েছে প্রতিবেদনটিতে। নির্বাচন-পূর্ব পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে প্রতিবেদনে ২০০৭ সালের অচলাবস্থার কথা উল্লেখ করা হয়েছে। সে সময় জরুরি অবস্থা জারি ও সেনা-সমর্থিত সরকারের ক্ষমতা গ্রহণের নজিরও উল্লেখ করা হয়।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে অন্যতম প্রধান সমস্যা বলে অভিহিত করা হয়েছে প্রতিবেদনে: ‘গত ফেব্রুয়ারিতে এটি (‘বিতর্কিত’ মানবতাবিরোধী অপরাধ আদালত) রায় ঘোষণা পর (আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে) সংঘর্ষে কমপক্ষে ৭০ জন প্রাণ হারান।’
সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১৩০ জনের বেশি শ্রমিকের প্রাণ হারানোর ঘটনা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত অর্থনীতি রাজনৈতিক পরিস্থিতিকে টালমাটাল করে দিতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভীকে উদ্ধৃত করে বলা হয়েছে, আসছে নির্বাচনের জন্য সরকার ‘পুরোপুরি প্রস্তুত’ এবং মানবতাবিরোধী ট্রাইব্যুনালের মাধ্যমে এমন অপরাধের বিচার করা হচ্ছে, যেগুলো এর আগে অগ্রাহ্য করা হয়েছিল।
রিজভী ‘দ্য গার্ডিয়ান’কে বলেন, ‘নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।...সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, সময়মতো দেশের সব নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে এবং ‘শান্তিপূর্ণ ও নিরপেক্ষ’ নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, করা হবে।
বিএনপির এক নেতা ‘দ্য গার্ডিয়ান’-এর কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ চাইছে এমন একটি নির্বাচন যেটিতে বিএনপি অংশ নেবে না। এর লক্ষ্য হলো ‘একদলীয় শাসন’ প্রতিষ্ঠা করা।
ওই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে সব সময় ক্ষমতাসীনেরা পরাজিত হয়। সরকার জানে তারা নির্বাচনে হারবে আর তাই ক্ষমতা ধরে রাখার জন্য তারা সবকিছু করতে প্রস্তুত।’
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে তিনটি বিষয়কে বাংলাদেশের জন্য মুখ্য হিসেবে অভিহিত করা হয়েছে। ইসলামি দলগুলোর অবস্থান, যুদ্ধাপরাধের চলমান বিচারপ্রক্রিয়া ও তরুণ ভোটারদের মতামত নির্বাচনে সবচেয়ে বড় প্রভাব রাখবে এবং এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে জামায়াতে ইসলামীর বক্তব্যকেও উপস্থাপন করা হয়েছে প্রতিবেদনে। হেফাজতে ইসলামের আন্দোলনের কথাও উঠে এসেছে রাজনৈতিক পরিস্থিতির আলোচনায়। হেফাজতে ইসলামের সহকারী প্রধান শাহ আহমেদুল্লাহ আশরাফি ‘দ্য গার্ডিয়ান’ক বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা থেকে ইসলামকে বাঁচাতে তাঁরা ২০১১ সাল থেকে আন্দোলন করছেন। তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র ছিল, কিন্তু এটি এখন ‘বাঙালিদের’ রাষ্ট্রে পরিণত হয়েছে। ধর্মে অবিশ্বাসীদের সম্পর্কে তিনি বলেন, ‘সমস্যা হলো নাস্তিকেরা...তাদের কোনো আদর্শ নেই।’ শাহবাগ আন্দোলন নিয়েও আপত্তির কথাও জানান আশরাফি।
‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, ‘মনে হয় একটি বিষয়ে সবাই একমত: সংগ্রাম; পথে নেমে পরাজয় হোক কিংবা জয়।’