কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও হাতিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের নামে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে তা প্রত্যাহার এবং প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। উলিপুর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন এবং হাতিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা এ কর্মসূচিতে অংশ নেন। কাল বুধবারের মধ্যে আবুল হোসেনকে মুক্তি দেওয়া না হলে অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়াবুড়ি ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন, দলদলিয়া ইউপির চেয়ারম্যান আবদুল হান্নান, ধামশ্রেনি ইউপির চেয়ারম্যান একরামুল হক, হাতিয়া ইউপির সদস্য আবদুস ছালাম প্রমুখ। দাবি আদায়ে তাঁরা উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপিও দেন।