বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অতিরিক্ত শক্তি প্রয়োগের রীতি অবিলম্বে বন্ধ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের আজ শনিবারের সমাবেশ ও আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি সামনে রেখে গতকাল শুক্রবার সংস্থাটি তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানায়।এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের ওপর বিরোধীদলীয় কর্মী-সমর্থকদের হামলার নিন্দা এবং এই কর্মকাণ্ড থেকে তাঁদের নিবৃত্ত করার ব্যবস্থা নিতেও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি বলেছে, ফেব্রুয়ারিতে ব্যাপক বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত শিশুসহ যেসব বিক্ষোভকারীর প্রাণহানির ঘটনা ঘটেছে, সেগুলো তদন্তে সরকারের উচিত একটি স্বাধীন কমিশন গঠন করা। বিক্ষোভকালে সংঘটিত আইনবহির্ভূত হত্যাকাণ্ড এবং বিক্ষোভকারীদের দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনায় যে-ই দায়ী হোক না কেন, তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এই সংস্থা।সংস্থাটির এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বিপুলসংখ্যক বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায়ই কোনো রকম সতর্কতা ছাড়া তাঁদের ওপর গুলি চালিয়েছেন। এতে নিরস্ত্র বিক্ষোভকারী ও পথচারীরা নিহত হয়েছেন।’