বিক্ষোভে এবার যোগ হয়েছেন চামড়াজাত পণ্যের শ্রমিকেরা
ঢাকার আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানাসহ একটি চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গতকাল সোমবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন। ভাঙচুরের আশঙ্কায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল আশুলিয়ার পুকুরপাড়ের কন্টিনেন্টাল সোয়েটার, হ্যাসং কোরিয়া, টেক্স টাউন ও এসবি নিটওয়্যারের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে সোয়েটারপ্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি জানান। কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে ওই এলাকার চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিকেরাও মজুরি বাড়ানোর দাবিতে কাজ বন্ধ করেন। সাড়ে নয়টা থেকে ১০টার মধ্যে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন। তাঁরা যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ভাঙচুরের আশঙ্কায় কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করে।