বিক্ষোভে, যানজটে স্থবির রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখাটের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়ার মৃত্যুতে গতকাল সকালে কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কাকরাইল মোড়ের চারপাশের সড়কে যানজট দেখা দেয় l ছবি: প্রথম আলো
বখাটের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়ার মৃত্যুতে গতকাল সকালে কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কাকরাইল মোড়ের চারপাশের সড়কে যানজট দেখা দেয় l ছবি: প্রথম আলো

টানা তিন দিন ছুটির পর গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সারা দিন তীব্র যানজট ছিল রাজধানীতে। শিক্ষার্থী হত্যার প্রতিবাদে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা কাকরাইল মোড় অবরোধ করায় এবং হলের দাবিতে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট কর্মসূচির কারণে যানজট আরও তীব্র হয়ে ওঠে। সকাল থেকেই ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা এ হত্যার প্রতিবাদে ও অপরাধীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে বেলা ১১টার দিকে তারা কাকরাইল মোড় অবরোধ করে। এতে মোড়ের চারদিকের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে কাকরাইল মোড় থেকে দক্ষিণ-পশ্চিমে বিজয়নগর, পল্টন মোড় হয়ে গুলিস্তান, সেগুনবাগিচা ও মৎস্য ভবন মোড় পর্যন্ত যান চলাচল অনেকটাই স্থবির হয়ে পড়ে। উত্তর-পূর্ব দিকে কাকরাইল মোড় থেকে শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে মৌচাক-মগবাজার পর্যন্ত যানজটে আটকা পড়ে যাত্রীরা।
গুলিস্তান থেকে বাড্ডা যাওয়ার জন্য দুপুরে বাসে উঠেছিলেন ফজলুর রহমান নামের এক ব্যবসায়ী। দীর্ঘক্ষণ কাকরাইলের যানজটে আটকে থাকায় তিনি বাধ্য হয়ে হাঁটতে শুরু করেন। ফজলুর রহমান বলেন, ‘বিজয়নগর মোড় থেকে হেঁটে মালিবাগ রেলগেট পর্যন্ত গিয়ে আবার বাসে উঠব। এমনিতেই সব সময় যানজট থাকে, তার ওপর আবার শিক্ষার্থীদের আন্দোলন। রাস্তায় চলাচল করাই মুশকিল।’
পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে রিশা হত্যার আসামিকে গ্রেপ্তারের সময় দিয়ে বেলা দেড়টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। কিন্তু সড়ক অবরোধের কারণে সৃষ্ট যানজটে বিকেল পর্যন্ত স্থবির ছিল এই পথ।
অন্যদিকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকা ধর্মঘট কর্মসূচির কারণে অবরুদ্ধ হয়ে পড়ে পুরান ঢাকা। সকাল থেকেই পুরান ঢাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সপ্তাহের প্রথম কর্মদিবস বলে অন্যান্য দিনের তুলনায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল বেশি। টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, মহাখালী, কাকলী, বনানী, বিমানবন্দর সড়কে তীব্র যানজট শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতাও বাড়ে।
সকালে টেকনিক্যাল মোড় থেকে শ্যামলী শিশুমেলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজট পেরোতে ৪৫-৫০ মিনিট লেগে যায়। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু কায়সার বলেন, ‘ইদানীং টেকনিক্যাল মোড় থেকে শ্যামলী আসতেই ৪০-৫০ মিনিট চলে যায়। বিশেষ করে কল্যাণপুর থেকে শিশুমেলা পর্যন্ত গাড়ি নড়তেই চায় না।’
বেলা আড়াইটার দিকে বনানী থেকে কাকলী ক্রসিং হয়ে মহাখালী পর্যন্ত যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুর রহমান বলেন, ‘কাকলী সিগন্যাল থেকে বাসে উঠে এই মোড় পার হতেই ২০ মিনিট লাগল। নেমে হেঁটে গিয়ে সামনে থেকে গাড়িতে উঠব, সেই উপায়ও নেই। সামনের সব গাড়িও থেমে আছে।’