রাজশাহীর চারঘাটে তরুণীকে নির্যাতনের চেষ্টার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সহোদর। এঁদের মধ্যে একজনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার সকালে চারঘাটের রামচন্দ্রপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চারঘাটের বাসুদেবপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, তাঁর ভাই রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক ও তাঁদের ছোট ভাই ওবায়দুর রহমান। এঁদের মধ্যে গুরুতর আহত ওবায়দুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ১০টি সেলাই লেগেছে। কুপিয়ে জখম করা হয়েছে তাঁর ডান হাতও।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘা উপজেলার আড়ানী ব্রিজের ওপর থেকে এক তরুণীকে (২৬) ভটভটিতে তুলে পুঠিয়ায় যাওয়ার কথা বলে একটি আমবাগানের ভেতর নিয়ে নির্যাতনের চেষ্টা করে সাত ভটভটি চালক।
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে আড়ানী ব্রিজের পাশে রামচন্দ্রপুর বাস টার্মিনালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় আড়ানী-পুঠিয়া সড়ক থেকে ভটভটি উচ্ছেদেরও দাবি জানানো হয়। ওই বিক্ষোভে নেতৃত্ব দেন ওবায়দুর রহমান।
আহত শিক্ষক রফিকুল ইসলাম বলেন, যাঁদের আশ্রয়ে আড়ানী-পুঠিয়া সড়কে ভটভটি চলাচল করে, তাঁরা নিয়মিত ভটভটি থেকে চাঁদা তোলেন। ভটভটি বন্ধ হলে তাঁদের অসুবিধা। এ জন্য তাঁরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রামচন্দ্রপুর বাস টার্মিনালে এসে ওবায়দুর রহমানের ওপর এ হামলা চালান।
রফিকুল ইসলাম জানান, ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে তিনি ও তাঁর বড় ভাই ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তাঁদেরও মারধর করা হয়। তিনি বলেন, হামলায় নেতৃত্ব দেন আড়ানী পৌরসভার কাউন্সিলর জিল্লু সরদার ও তাঁর সহযোগী পিপুল সরদার।