বিক্ষোভের পর জোরারগঞ্জ টেক্সটাইল কলেজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র বিক্ষোভের জের ধরে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গত শনিবার থেকে ছয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ১০ জুন পর্যন্ত পরিস্থিতি শান্ত না হলে বন্ধের মেয়াদ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার।জানা গেছে, কলেজের ডিপ্লোমা কোর্সের ষষ্ঠ পর্বের শিক্ষার্থীদের ২ জুন চট্টগ্রামের কালুরঘাটের রিজেন্ট টেক্সটাইল মিলে পরিদর্শনে নেওয়া হয়। পরিদর্শন শেষে শিক্ষার্থীরা কাপ্তাই লেকে নিতে শিক্ষকদের অনুরোধ করেন।শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রধান পরিদর্শক ইসমাইল মোল্লা তখন কলেজ বাস থেকে ছয়জন ছাত্রকে পতেঙ্গায় নামিয়ে দেন এবং তাঁদের মা-বাবা ও বংশ নিয়ে গালমন্দ করেন। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে পৌঁছে বিষয়টি অধ্যক্ষকে জানান। তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই দিনই শিক্ষার্থীরা কলেজের একটিমাত্র বাস এবং অধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেন। ভাঙচুরের ঘটনায় কর্তৃপক্ষ শেখ ফরিদ, সাইদুল হক ও মোহাম্মদ শাহ্ জগলুল নামের তিনজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করে এবং অপর ছয়জন ছাত্রকে কেন বহিষ্কার করা হবে না—এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়। এসব ঘটনার প্রতিবাদে এবং শিক্ষক ইসমাইল মোল্লার অপসারণসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। দুপুরে কলেজের শিক্ষকেরা জরুরি সভা করে ১০ জুন পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। প্রধান পরিদর্শক ইসমাইল মোল্লা তাঁর বিরুদ্ধে আনা ছাত্রদের অভিযোগ অস্বীকার করেছেন। অধ্যক্ষ আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির কথা শুনেছি। কিন্তু করার কিছু নেই। প্রয়োজনে আমি পদত্যাগ করব। এর পরও তাদের দাবি মেনে নেওয়া যাবে না।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।