বিক্ষোভের মুখে ফিরে গেল বিশ্বব্যাংকের প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের সামনেই বিক্ষোভকারীরা ডাম্পিং স্টেশন করার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ছবি: আসিফ হোসেন, নারায়ণগঞ্জ
পুলিশের সামনেই বিক্ষোভকারীরা ডাম্পিং স্টেশন করার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ছবি: আসিফ হোসেন, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শন করতে আসা বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল বিক্ষোভের কারণে পরিদর্শন না করেই ফেরত গেছে। 

বিক্ষোভকারীদের দাবি, জালকুড়িতে বর্জ্যের ডাম্পিং হলে এ এলাকাসহ মিজমিজি মাহমুদপুর, ভূইঘরের হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে। তাই যে কোনো মূল্যে এখানকার জমি অধিগ্রহণ প্রতিহত করা হবে।

নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী সংসদ সদস্যের অনুগত লোকেরা পরিকল্পিতভাবেই এ বিক্ষোভ করেছে এবং দলটিকে ফেরত যেতে বাধ্য করা হয় বলে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় তিনটি জিপ গাড়িতে করে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলটি পুলিশ প্রহরায় প্রকল্প স্থানে পৌঁছালে জালকুড়ি পরিবেশ ও কৃষি জমি রক্ষা কমিটির আহ্বায়ক ক্ষমতাসীন আওয়ামী লীগের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য বদিউজ্জামান বদুর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। বদিউজ্জামান ওই এলাকার সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী বলে পরিচিত।

বিক্ষোভের কারণে ডাম্পিং স্টেশনের জায়গা পরিদর্শন না করেই বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের গাড়িবহর ফিরে যাচ্ছে। ছবি: আসিফ হোসেন, নারায়ণগঞ্জ
বিক্ষোভের কারণে ডাম্পিং স্টেশনের জায়গা পরিদর্শন না করেই বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের গাড়িবহর ফিরে যাচ্ছে। ছবি: আসিফ হোসেন, নারায়ণগঞ্জ

বদিউজ্জামান বদুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ ও কৃষি জমি রক্ষা কমিটির সদস্যসচিব আমজাদ হোসেন, আওয়ামী লীগ কর্মী শের আলী, চাঁন মিয়া, আবদুর রাশেদ, গোলেনুর মিয়া, রাসেল শেখ, আনোয়ার আলী মাতবর, লাল মিয়া, আফজাল হোসেন, আবদুল মালেক, মিলন, জলিল মহিউদ্দিন শিকদার প্রমুখ।
বক্তৃতায় বদিউজ্জামান বদু দাবি করেন, জালকুড়িতে বর্জ্যের ডাম্পিং হলে এ এলাকাসহ মিজমিজি মাহমুদপুর, ভূইঘরের হাজার হাজার মানুষ বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে। ফসল উৎপাদন বন্ধ হয়ে বেকার সমস্যার সৃষ্টি হবে। ডাম্পিং এলাকাকে ঘিরে মাদকের আস্তানা গড়ে উঠবে। যেকোনো কিছুর বিনিময়ে হোক ৯ নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং সেন্টার ও জালকুড়ি দশ পাই উত্তর বিলের জমি অধিগ্রহণ প্রতিহত করা হবে।
বিশ্বব্যাংকের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন জ্যেষ্ঠ নগর বিশেষজ্ঞ ক্রিষ্টোফার টি পাবলো। এ ছাড়া দলের অন্যান্য সদস্যরা হলেন সেনহুয়া ওয়াং, চন্দ্রা গোডাভিটাবনি, জেমস মরডে, ইসতিয়া আলম অবনি, মেহনাজ তাসনিম, প্রকল্প পরিচালক মোজাক্কা ঝহির, মঞ্জুর আলী প্রমুখ। পরে বিশ্বব্যাংক প্রতিনিধিদলটি নগর ভবনে গিয়ে মেয়র সেলিনা হায়াত আইভীর সঙ্গে কথা বলেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধিদল জালকুড়িতে পরিদর্শনে গেলে কিছু লোক তাঁদের গাড়ির বহরের সামনে বিক্ষোভ করে। নিরাপত্তার কারণে তারা গাড়ি থেকে নামেননি। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, বিশ্বব্যাংক প্রতিনিধিদল ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায় পুলিশ ছিল। বিদেশিদের সামনে কিছু লোক বিক্ষোভ করেছে শুনেছি। তবে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
এর আগে গত ১৮ জুন নারায়ণগঞ্জ নগর ভবনে মার্কিন দূতাবাস ও ব্রিটিশ সরকারের উন্নয়ন সংস্থা ডিএফআইডির প্রতিনিধিরা নগর ভবনে মেয়র আইভীর সঙ্গে বৈঠক করতে গেলে সেখানে শামীম ওসমান এমপির অনুগতরা নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছিল।