বিক্ষোভের মুখে ঘুষের টাকা ফেরত দিলেন আবুল বশর!
বিক্ষোভের মুখে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে ‘ঘুষের’ টাকা ফেরত দিলেন সোনালী ব্যাংকের মহেশখালী শাখার ব্যবস্থাপক আবুল বশর। তিনি ব্যাংক থেকে এসএমই, সিসি, লবণ ও পান চাষের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই শতাধিক লোকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবস্থাপক আবুল বশর চার-পাঁচ মাস ধরে ওই টাকা হাতিয়ে নেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে ওই ব্যক্তিরা ঋণ পাননি। এদিকে আবুল বশর অন্যত্র বদলি হয়ে গেছেন—এমন খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওই দুই শতাধিক গ্রাহক ব্যাংক ঘেরাও করেন। তাঁরা ঘুষের টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে গ্রাহক আবদুর রাজ্জাককে ১৫ হাজার টাকা, বড় মহেশখালী ইউপির সদস্য আলমগীর হোসেনকে ১৪ হাজার টাকা, মোহাম্মদ জাহাঙ্গীরকে আট হাজার টাকা, আবদুল হাকিমকে পাঁচ হাজার টাকা, মারেফুল হককে ৫৫ হাজার টাকা, শাদাৎ কবিরকে ২৯ হাজার টাকা ও উপজেলা মৎস্য লীগের সভাপতি জাবের আহমদকে ছয় হাজার টাকার চেক দিয়ে গ্রাহকদের হাতে-পায়ে ধরে মহেশখালী ত্যাগ করেন আবুল বশর। এ বিষয়ে বক্তব্য জানার জন্য ব্যবস্থাপক আবুল বশরের মুঠোফোনে কল করে কথা বলা সম্ভব হয়নি। সোনালী ব্যাংক কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ ওচমান গণি প্রথম আলোকে বলেন, কারও কাছ থেকে ব্যবস্থাপক টাকা নিয়ে থাকলে এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নেই। তবে এ নিয়ে কেউ লিখিত অভিযোগ করলে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।