বিক্ষোভের মুখে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ মানুষের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখা গতকাল শুক্রবার কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয়।এলাকাবাসী জানান, চিকিৎসকদের কর্মবিরতি স্থগিতের ঘোষণার আগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় জনগণ। শহরের কালীবাড়ি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক পথসভায় বক্তব্য দেন আবদুর রহিম, নিজাম উদ্দিন খান, জেলা উন্নয়ন পরিষদের সদর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আল আমিন সওদাগর প্রমুখ।গত মঙ্গলবার চিকিৎসক ও জামায়াত নেতা ফরিদ উদ্দিনের মালিকানাধীন দক্ষিণ মৌড়াইলের মডেল জেনারেল হাসপাতালে ওই নেতা নিজে ও তাঁর কর্মচারীরা মিলে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন, আরও দুই সাংবাদিকসহ পাঁচজনকে মারধর করেন। এ ঘটনায় পুলিশ ফরিদ উদ্দিনসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।এদিকে ফরিদকে গ্রেপ্তারের পর পরই তাঁকে রক্ষা করতে মাঠে নামেন বিএমএ এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) জেলা নেতারা। স্বাচিপ ও বিএমএর জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেন। তবে গতকাল এই চিকিৎসক নেতা সাংবাদিকদের কাছে কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।এ ছাড়া গতকাল সাংবাদিক নির্যাতনের ঘটনায় ভৈরবে প্রতিবাদ সভা হয়েছে। প্রথম আলো ভৈরব বন্ধুসভা এই প্রতিবাদ সভার আয়োজন করে। এদিকে আখাউড়া প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি মো. ইউসুফ সারোয়ারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা হয়। সভায় সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।