বিক্ষোভের মুখে রেলওয়ের উচ্ছেদ অভিযান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষোভের মুখে গতকাল সোমবার নারায়ণগঞ্জ রেলস্টেশনসংলগ্ন স্টাফ কোয়ার্টার এলাকায় উচ্ছেদ অভিযান না চালিয়ে ফিরে গেছে রেলওয়ের উচ্ছেদকারী দল।সূত্র জানায়, নারায়ণগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে অবস্থিত স্টাফ কোয়ার্টার এলাকায় রেলওয়ের অবসরে যাওয়া কর্মচারীরা শতাধিক বসতঘর গড়ে তুলেছেন। সমপ্রতি ওই স্থানের ৪৭ হাজার ২০০ বর্গফুট জায়গা দুই ব্যক্তিকে লিজ দেওয়া হয়। স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই দুই ব্যক্তি জায়গার লিজ পেয়েই দোকান নির্মাণের কথা বলে বাণিজ্য শুরু করে দিয়েছেন। তাঁরা দোকান দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে দোকানপ্রতি চার থেকে সাড়ে চার লাখ টাকা আদায় করছেন।গতকাল সকালে স্টাফ কোয়ার্টার এলাকার ওই জায়গায় উচ্ছেদ অভিযান চালাতে যান রেলওয়ের কর্মকর্তারা। অন্যদিকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সকাল থেকেই রেলস্টেশন এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন কোয়ার্টারের বাসিন্দারা। তাঁদের বাধার মুখে রেলওয়ের উচ্ছেদকারী দল উচ্ছেদ অভিযান সাময়িক বন্ধ রাখে।পরে দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তাঁরা রেলওয়ের উচ্ছেদকারী দলকে জানান, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী আগামী দু-এক দিনের মধ্যে বৈঠক করবেন। বৈঠকে বিক্ষোভকারীদের দাবি নিয়ে আলোচনা হবে। কাউন্সিলররা উচ্ছেদকারী দলকে বলেন, এরপর যদি উচ্ছেদ অভিযানের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে তাঁরা সহযোগিতা করবেন।কাউন্সিলর কামরুল হাসান বলেন, মেয়রের নির্দেশে তাঁরা উচ্ছেদ অভিযান না চালাতে অনুরোধ করেছেন। তিনি বলেন, রেলমন্ত্রীর সঙ্গে মেয়রের মুঠোফোনে আলাপ হয়েছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে বৈঠক করে সমস্যার সমাধান করা হবে।