সিলেটে প্রকাশ্যে ঘুষ চাওয়ার অভিযোগে সদর সাব-রেজিস্ট্রারকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গতকালই নতুন কাজে যোগ দেন গাজী আবু হানিফ। দুপুরের দিকে দলিল সম্পাদনের জন্য লেখকেরা তাঁর কাছে গেলে তিনি স্বাক্ষর করতে বিলম্ব করেন। একপর্যায়ে তিনি ‘অনেক টাকা খরচ করে এখানে এসেছি’ বলে দলিল লেখকদের কাছ থেকে প্রতি আম-মোক্তারনামা পাঁচ হাজার টাকায় এবং সাফকবলা সম্পাদনের জন্য ১০ হাজার থেকে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। কাজে যোগ দিয়ে প্রথম দিনেই এভাবে প্রকাশ্যে ঘুষ চাওয়ায় দলিল লেখকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে দলিল সম্পাদন করতে আসা লোকজন বিষয়টি অবহিত হলে দলিল লেখকদের সঙ্গে সম্মিলিতভাবে সাব-রেজিস্ট্রার কার্যালয় ঘিরে বিক্ষোভে যোগ দেন। বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত টানা দুই ঘণ্টা বিক্ষোভ চলে। এ অবস্থায় গাজী আবু হানিফ নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষুব্ধ ব্যক্তিদের শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভের মুখে বিকেল পৌনে চারটার দিকে গাজী আবু হানিফকে কাজ থেকে বিরত রেখে পাশের উপজেলা জৈন্তাপুর থেকে মো. আহসানুল হাবিবকে এনে দলিল সম্পাদনের কাজ শুরু হয়। বিকেল চারটার দিকে পুুলিশ পাহারায় কার্যালয় ত্যাগ করেন গাজী আবু হানিফ।সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কেফায়েত উল্লাহ জানান, সাব-রেজিস্ট্রারের কার্যালয় ঘিরে শতাধিক লোক বিক্ষোভ করছিল। এ অবস্থায় পুলিশ সাব-রেজিস্ট্রারকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়।মুঠোফোনে যোগাযোগ করা হলে গাজী আবু হানিফ ঘুষ চাওয়ার বিষয়টি দলিল লেখকদের বানোয়াট প্রচারণা বলে দাবি করেন। তিনি বলেন, ‘দলিলে কিছু অনিয়ম ধরা পড়ায় স্বাক্ষর দিইনি। অসৎ উদ্দেশ্য চরিতার্থ না করতে না পেরে দলিল লেখকদের কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।’সিলেট জেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রকাশ্যে ঘুষ চাওয়ায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিক্ষোভ করেন দলিল লেখক ও দলিল সম্পাদন করতে আসা সাধারণ লোকজন। এই সাব-রেজিস্ট্রার থাকলে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে। তাই তাঁকে সিলেট থেকে প্রত্যাহার করে নিতে আমরা জেলা রেজিস্ট্রারকে অনুরোধ করেছি।’এ ব্যাপারে জেলা রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতিতে আবু হানিফকে কাজ থেকে বিরত রাখা হয়েছে। সাময়িকভাবে জৈন্তাপুর উপজেলা সাব-রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।