ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গাজীপুরের বাঘিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে গতকাল শনিবার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিক্ষোভ করেছেন। বিক্ষোভের মুখে স্কুলে গতকাল ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রী প্রধান শিক্ষক মো. বাবুল হোসেনের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে এক ছাত্রীর বাবা ওই শিক্ষকের শাস্তি দাবি করে গত বুধবার স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। পরদিন এ অভিযোগে এলাকাবাসী ওই শিক্ষকের বহিষ্কার ও শাস্তি দাবি করে গণস্বাক্ষর সংগ্রহ করেন। শুক্রবার স্কুল বন্ধ থাকায় শনিবার ওই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকালেই বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ এলাকার কয়েক শ লোক বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ওই শিক্ষকের বাড়ি ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে স্থানীয় কাউন্সিলর ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ওই শিক্ষককে বহিষ্কারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন। ফের উত্তেজনার শঙ্কায় কর্তৃপক্ষ গতকালের জন্য স্কুলে ছুটি ঘোষণা করে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো. বাবুল হোসেনের বাড়িতে গিয়ে ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্কুলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করা হলে তারা ক্লাসে যোগ দেয়। পরে স্কুল ছুটি দেওয়া হয়।