স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকার ছিল সামরিক গোয়েন্দা বাহিনীর সরকার। তিন মাসের সময় নিয়ে তারা দুই বছর মানুষের ওপর নির্যাতন করেছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকারে আর বিশ্বাসী নই। তাই তত্ত্বাবধায়ক নয়, বর্তমান সরকারের নিয়ন্ত্রণে আগামী নির্বাচন হবে।’ স্থানীয় সার্কিট হাউস ময়দানসংলগ্ন জিমনেসিয়ামে গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এসব কথা বলেন। ‘দেশব্যাপী বিএনপি-জামায়াতের অরাজকতা ও ক্রমবর্ধমান অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে’ জেলা আ.লীগ এই কর্মী সমাবেশের আয়োজন করে।তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে সৈয়দ আশরাফ আরও বলেন, ‘খালেদা জিয়া নিজে তত্ত্বাবধায়ক সরকার চান না। চাইলে তিনি সংসদে আসতেন। তিনি বলেছিলেন, দেশে পাগল ও শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। আমরা পাগল ও শিশুর কাছে দেশ ছেড়ে দিতে পারি না।’ সৈয়দ আশরাফ বলেন, ‘বিগত তিনটি তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি, তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এরা গোয়েন্দা সংস্থার কতিপয় লোকের হয়ে কাজ করেছে। ’৯১ ও ২০০১-এ আওয়ামী লীগকে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনে পরাজিত করেছিল। তারা কেউ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করেনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের নেতা-কর্মীদের কেবল নির্যাতন করেই তারা ক্ষান্ত হয়নি, শেখ হাসিনাকে কারাগারে মেরে ফেলারও ষড়যন্ত্র করেছিল। দলের সাংগঠনিক সম্পাদক এবং এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদের হুইপ মির্জা আজম প্রমুখ কর্মী-সমাবেশে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সভাপতি সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান।জাতীয় সংবিধান নিয়ে সৈয়দ আশরাফ বলেন, সংবিধান সংশোধন রাতের অন্ধকারে এক দিনে করা হয়নি। আর এ সংশোধন চূড়ান্ত নয়। এখনো আলোচনার সুযোগ রয়েছে। দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। জনগণ ভোট দিয়ে আপনাদের চিরস্থায়ী বন্দোবস্ত দেয়নি। জনগণের কাঠগড়ায় আমাদেরও উঠতে হবে। ক্ষমতা বারবার আসে না। মনোনয়নও আপনি বারবার পাবেন এবং পাস করবেন, তা-ও ঠিক নয়। মেয়র উপজেলা চেয়ারম্যান ও সাংসদেরা কে কী করছেন, আমরা সব জানি। অযথা ঐক্য নষ্ট করবেন না।’অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।