বিঘ্ন সৃষ্টি না করে খালেদা জিয়াকে নিরাপত্তা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে বিরোধীদলীয় নেতার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন। তবে এতে যেন তাঁর ‘অসুবিধা’ না হয়, সেদিকটিও বিবেচনা করতে বলেছেন।
বিরোধীদলীয় সাংসদেরা সাক্ষাৎ করার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে কথা বলে এই নির্দেশনা দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে বাড়িতে ‘অবরুদ্ধ’ করে রাখা হয়েছে বলে দাবি করেছেন দলটির সাংসদেরা। খালেদা জিয়ার অবাধ চলাচলের বিষয়ে তাঁরা স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এর পরই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্পিকারকে বলছেন, বিরোধীদলীয় নেতা অন্তরীণ, আটক বা গৃহবন্দী নন। তাঁর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বাসভবনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আইজি বলেছেন, নিরাপত্তার বিষয়টি আপেক্ষিক। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার স্বার্থেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্পিকার পুলিশের আইজিকে বলেন, ‘নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন, তা বিবেচনায় রাখতে হবে।’
দলটির সাংসদেরা একই বিষয় নিয়ে আজ রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল চারটায় বঙ্গভবনে তাঁরা রাষ্ট্রপতির কাছে একই বিষয় তুলে ধরবেন।
এদিকে গতকালও খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বাড়ির পূর্ব পাশে দুটি ট্রাক রাখা হয়েছে। তবে পশ্চিম পাশে রাখা ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে একটি জলকামান রাখা হয়েছে। চেয়ারপারসনের বাসার সামনের সড়কে গতকালও যান চলাচল করতে দেওয়া হয়নি।
পুলিশের এত কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল পৌনে সাতটায় ওই বাসার সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বাসভবনের সামনে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা বলেছেন, খালেদা জিয়াকে বাসা থেকে বের হতে দেওয়ার কোনো নির্দেশ তাঁর কাছে নেই।
খালেদা জিয়া গত রোববার ঢাকা অভিমুখে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যেতে চাইলে পুলিশের বাধায় তিনি গুলশানের বাসা থেকে বের হতে পারেননি।
বিএনপির দাবি, তাদের চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। অবশ্য সরকারের তথ্যমন্ত্রী বিষয়টি অস্বীকার করেছেন।
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ: বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করে। তাঁরা খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়ে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেন।
স্পিকারকে দেওয়া সাংসদদের স্মারকলিপিতে বলা হয়, সংসদ এখনো বহাল আছে। খালেদা জিয়া এখনো বিরোধীদলীয় নেতা। তাহলে তাঁকে কেন অবরুদ্ধ করে রাখা হয়েছে, কেন তাঁকে বের হতে দেওয়া হচ্ছে না, কেন তাঁর সঙ্গে নেতা-কর্মীদের দেখা করতে দেওয়া হচ্ছে না। বলা হয়, তার প্রটোকল প্রত্যাহার করা হলো, তিনি কি গৃহবন্দী, জাতি তা জানতে চায়।
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, হারুনুর রশিদ, নিলোফার চৌধুরী, রেহানা আক্তার, সৈয়দা আসিফা আশরাফী ও রাশেদা বেগম।