বিচ কার্নিভ্যালকে ঘিরে বর্ণিল সাজে কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেগা বিচ কার্নিভ্যাল-২০১৫’ উপলক্ষে বর্ণিল সাজে সাজছে কক্সবাজার। সৈকতে বালু দিয়ে তৈরি করা হচ্ছে ভাস্কর্য। আগামী বৃহস্পতিবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে কার্নিভ্যালের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিচ কার্নিভ্যাল লাইভ কনসার্টে থাকছে দেশের তারকা শিল্পীদের সংগীত পরিবেশনা। সার্ফিং, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, ফানুস উত্তোলন, ঘুড়ি উৎসব, পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য, ফ্যাশন শো, রাখাইনদের জলকেলিসহ পর্যটকদের জন্য থাকছে নানা আয়োজন। বিচ কার্নিভ্যালের সার্বিক ব্যবস্থায় রয়েছে ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণা দিয়েছেন। পর্যটন মন্ত্রণালয় ২০১৬ সালে অন্তত ১০ লাখ বিদেশি পর্যটককে দেশে আনার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ‘মেগা বিচ কার্নিভ্যাল’ হচ্ছে। কার্নিভ্যালে কয়েক লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করছেন জেলা প্রশাসক।
গতকাল মঙ্গলবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায়, চারুশিল্পীরা বালু-মাটি দিয়ে তৈরি করছেন ‘জয় বাংলা’ ভাস্কর্য। ডিজিটাল বাংলাদেশের নানা উন্নয়ন কর্মকাণ্ড এই ভাস্কর্যে তুলে ধরা হচ্ছে। এর পাশে তৈরি করা হচ্ছে মুঠোফোন ভাস্কর্য। মুঠোফোন ভাস্কর্যের পাশে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত হচ্ছে ‘স্মৃতিসৌধ’ ভাস্কর্য। তার পাশে অক্টোপাস, বিচ কার্নিভ্যাল ও সামুদ্রিক কচ্ছপ ভাস্কর্য। এ ছাড়া লালনের প্রতিকৃতি, মুক্তিযোদ্ধার ভাস্কর্য তৈরিরও কাজ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুশিল্পী শ্যামল চন্দ্র সরকারের নেতৃত্বে আমিনুল ইসলাম, পলাশ সাহা, অসীম হালদার, আরজানা তাবাসসুম, অলক রাজবংশী ভাস্কর্য তৈরি করছেন। শ্যামল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ২৪ ডিসেম্বর থেকে ভাস্কর্য তৈরির কাজ চলছে। এ পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। বুধবার (আজ) সন্ধ্যার মধ্যে শতভাগ কাজ শেষ হবে। ৩১ ডিসেম্বর সকালে ভাস্কর্যগুলো পর্যটকের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
শিল্পী আরজানা তাবাসসুম বলেন, বালু ভাস্কর্যের মাধ্যমে মুক্তিযুদ্ধ, ডিজিটাল বাংলাদেশ, দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদর বাহিনী সম্পর্কেও পর্যটকদের সচেতন করা হবে।
এদিকে সৈকতে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপনে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে হোটেল-মোটেল মালিকেরা হতাশ। হোটেল সি-গালের পরিচালক এম এ হাশিম বলেন, সন্ধ্যার পরেই সৈকতে পর্যটকের সমাগম ঘটে। তা ছাড়া থার্টি ফার্স্ট নাইট উদ্যাপিত হয় রাত ১২টার দিকে। সন্ধ্যাকালীন নিষেধাজ্ঞা পর্যটকদের হতাশ করছে।
জানতে চাইলে কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, গত ১২ দিনে অন্তত চার লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। বিচ কার্নিভ্যালকে ঘিরে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সৈকতে আরও পাঁচ লাখ পর্যটকের সমাগম হওয়ার কথা। কিন্তু সন্ধ্যাকালীন অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞার কারণে অনেকে বুকিং বাতিল করছেন।
এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, কক্সবাজার সৈকতে সন্ধ্যার পর উৎসব আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে তারকা হোটেল কিংবা ইকো রিসোর্টে বিশেষ বর্ষবরণ অনুষ্ঠান করতে চাইলে সে ক্ষেত্রে প্রশাসন বিবেচনা করবে।