বিচ হ্যাচারির প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোয় ১৯ জুন ‘তিন টাকার শেয়ার তিন বছরে ১১৯ টাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে প্রতিবেদনের কিছু অংশকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে বলা হয়েছে, এতে কোম্পানির সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, কোম্পানি কখনোই শেয়ার কারসাজি এবং মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে জড়িত নয়; কখনোই ঋণসুবিধা প্রদান করেনি। এ ছাড়া প্রতিবেদনে উল্লিখিত ‘কোম্পানির ব্যবসা সম্প্রসারণের মিথ্যা ঘোষণা দিয়ে উদ্যোক্তারা নিজেই অথবা গ্রাহকদের ঋণসুবিধা দিয়ে ঋণদাতা কিছু প্রতিষ্ঠান, আবার কখনো একদল বিনিয়োগকারী সংঘবদ্ধ হয়ে কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়াতে ভূমিকা রেখেছে’—এ অংশটুকুকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। প্রতিবাদপত্রে কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ১০ কোটি টাকার ঋণ পুনঃ তফসিলিকরণের বর্তমান তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এ ছাড়া ডিএসইর চিঠির জবাবে দেওয়া কোম্পানির ভবিষ্যর্যা পরিকল্পনা, যা আলোচনা হয়নি তা প্রতিবেদনে উপস্থাপন করে বিভ্রান্তি করা হয়েছে বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের প্রতিটি তথ্যই ডিএসইর তদন্ত প্রতিবেদন, পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদন ও নিয়ন্ত্রক সংস্থা এসইসির তদন্ত প্রতিবেদন থেকে উল্লেখ করা হয়েছে। এর বাইরে কিছু কিছু তথ্য নেওয়া হয়েছে ডিএসইর ওয়েবসাইট থেকে। এর কোনো একটি অংশ প্রথম আলোর প্রতিবেদকদের মনগড়া নয়।প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি, কোম্পানি নিজে বিনিয়োগকারীদের ঋণসুবিধা দিয়েছে। প্রকৃতপক্ষে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ঋণদাতা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে ঋণসুবিধা দিয়ে শেয়ারটির দাম বাড়াতে ভূমিকা রেখেছে, যে সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে ডিএসইর কাছে লিখিতভাবে স্বীকার করেছে। প্রতিবেদনে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সে সময় কোম্পানিটি ১০ কোটি টাকা ঋণখেলাপি ছিল। পরে তা পুনঃ তফসিলিকরণ করা হয়েছিল কি না তা প্রতিবেদনের বিবেচ্য বিষয় হওয়ার কথা নয়। তা ছাড়া যে বিষয়টি পরিচালনা পর্ষদে আলোচনাই হয়নি, কোম্পানিটি সেই তথ্য কাউকে জানাতে পারে না। কিন্তু কোম্পানিটি ডিএসইর চিঠির জবাবে সেই তথ্য উল্লেখ করে নিজেই বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে।