বিচক্ষণ হলে কম বরাদ্দে উন্নত স্বাস্থ্যসেবা সম্ভব
মোট দেশজ উত্পাদন (জিডিপি) বাড়ার সঙ্গে সঙ্গে ধনী-দরিদ্র সব দেশেই স্বাস্থ্য-ব্যয়ও বেড়েছে। তবে খরচ বাড়লেই স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না। কীভাবে অর্থ ব্যয় হচ্ছে, তার ওপরই নাগরিকের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত হয়। বিচক্ষণতার পরিচয় দিলে কম বরাদ্দে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা পদ্ধতির বিবর্তন ও সর্বজনীন স্বাস্থ্যসেবাবিষয়ক এক সেমিনারে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রকফেলার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এরিয়েল পাবলোস মেন্ডেস এ কথা বলেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এ সেমিনারের আয়োজন করে।মেন্ডেস বলেন, স্বাস্থ্য খাতে যে ব্যয় হয়, তার বড় অংশ দেশগুলো নিজের আয় থেকেই করে। এ ক্ষেত্রে দাতা দেশ ও সংস্থার অবদান সামান্য। তিনি বলেন, স্বাস্থ্যসেবার প্রধান সমস্যা তিনটি—অভিগম্যতা (একসেস), সেবার মান ও সেবার জন্য খরচ করতে পারা। অর্থনৈতিকভাবে দরিদ্র দেশ অনেক ভালো স্বাস্থ্যসেবা দিচ্ছে, এর একাধিক নজির আছে।নানা দেশের উদাহরণ তুলে ধরে এরিয়েল পাবলোস মেন্ডেস বলেন, বেশ কিছু দেশে জিডিপি বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য খাতে ব্যয়ও বাড়ছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে বাংলাদেশের মতো দেশের অন্য দেশের সফল উদাহরণ অনুসরণ করতে হবে। এ জন্য ক্ষুদ্রঋণের অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।