বিচার ও তদন্তে অগ্রগতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরে পাঁচজন ব্লগারকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি আহমেদ রাজীব হায়দারকে দিয়ে এই হত্যাকাণ্ডের শুরু। গতকাল শনিবার এঁদের দলে শামিল হয়েছেন জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন। এর মধ্যে সন্ত্রাসীরা গত নয় মাসে পাঁচজনকে হত্যা করেছে। অথচ কোনো মামলারই বিচার ও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। মামলার অগ্রগতি-সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি থেকে এ তথ্য পাওয়া গেছে।
ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী রাজীবকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল রাজধানী মিরপুরে তাঁর বাড়ির সামনে। এ মামলায় ২০১৪ সালের ২৫ জানুয়ারি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিদের মধ্যে জসীম উদ্দিনসহ সাতজন কারাগারে আছেন। পলাতক রয়েছেন রেদোয়ানুল আজাদ রানা (৩০)। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ বিচারাধীন আছে।
রাজধানীর উত্তরায় ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যার চেষ্টা করা হয় ২০১৩ সালের ১৪ জানুয়ারি। পুলিশ মামলাটি তদন্তে করে অভিযোগপত্র জমা দিয়েছে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর। তারপর থেকে মামলাটি আদালতে বিচারাধীন।
একই বছরের ৯ এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ রহমানকে হত্যা করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে ২০১৪ সালের ১৬ মার্চ। মামলাটি এখন আদালতে বিচারাধীন।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হয় শাহবাগ থানায়। মামলার সন্দেহভাজন আসামি আটজন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ মার্চ যাত্রাবাড়ী থেকে শফিউর রহমান ওরফে ফারাবী নামের একজনকে গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করে র্যাব। সর্বশেষ ১০ সেপ্টেম্বর র্যাব-৩-এর সহায়তায় গ্রেপ্তার করা হয় আসামি জুলহাস বিশ্বাস, জাফরাফ হাসান ও আবুল বাসারকে। ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার আসামি মান্নান রাহীকে এ মামলাতেও আসামি করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি ধারণ করা হয়। এরপর থেকে এ মামলার আর কোনো অগ্রগতি নেই। এ সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন, মামলাটি তদন্তাধীন আছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।
এ বছরের ৩০ মার্চ সকালে তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ীতে প্রকাশ্যে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান। ঘটনার পর পালানোর সময় কয়েকজন হিজড়া, স্থানীয় লোকজন ও পুলিশ মিলে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামের দুজনকে ধরে ফেলেন। এ মামলায় পাঁচজনকে আসামি করে গত ১ সেপ্টেম্বর পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে। মামলাটি বর্তমানে ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন রয়েছে।
এ বছরের ১২ মে সকালে সিলেটের সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকায় খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। একই দিন রাতে এলাকার বিমানবন্দর থানায় মামলা হয়। তিন সপ্তাহ পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডি তদন্তে নেমে ইদ্রিস আলী নামের স্থানীয় এক ফটোসাংবাদিককে আটক করে রিমান্ডে নেয়। মামলাটি তদন্তাধীন। মামলায় মোট চারজনকে গ্রেপ্তার এবং অন্য মামলায় আগেই আটক নয়জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামি মান্নান রাহী ও মোহাইমিন নুমানকে ২৭ আগস্ট সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ২ সেপ্টেম্বর মান্নান রাহী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাহী বলেছেন, তিনি এবং আরও তিনজন ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এ মামলার আটজন আসামি অভিজিত হত্যা মামলারও আসামি। তারপর থেকে মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। মামলার তদন্ত কর্মকর্তা বলেন, হত্যাকারীরা শনাক্ত। তবে অভিযোগপত্র জমা দিতে কিছুদিন সময় লাগবে।
গত ৭ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ে হত্যা করা হয় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীলকে। এ মামলায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ২৭ আগস্ট ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, তেমন কোনো অগ্রগতি নেই। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের তথ্যের সূত্র ধরে তদন্তকাজ এগিয়ে যাচ্ছে।