স্কুলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করলেন আ.লীগ নেতারা
বিচার ও বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
কিশোরগঞ্জের বাজিতপুরে আবদুল মান্নান স্বপন উচ্চবিদ্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে। চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের নির্দেশে গত রোববার বিদ্যালয়টির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। পরে বিদ্যুৎ–সংযোগ প্রদান এবং অভিযুক্ত ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেয় তারা।
শিক্ষকেরা জানান, বিদ্যালয়টি উপজেলার বলিয়ারদী ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে অবস্থিত। এত দিন শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পল্লী বিদ্যুতের সংযোগ ছিল। কিছুদিন আগে গ্রামটি পিডিবির অধীনে আসে। এরই জের ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ পিডিবির কাছে বিদ্যুৎ–সংযোগের আবেদন জানায়। এদিকে বলিয়ারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোবারক ভূঁইয়া, বর্তমান সহসভাপতি শাহ আলম এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ভূঁইয়ার নেতৃত্বে এলাকায় একটি সিন্ডিকেট গড়ে ওঠে। তাঁরা সংযোগপ্রতি তিন থেকে পাঁচ হাজার টাকা চাঁদা নিচ্ছেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ রাজি হয়নি। এরই মধে৵ গত শনিবার পিডিবির আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে বিদ্যালয়ে নতুন বিদ্যুৎ–সংযোগ দেয়। কিন্তু ওই সিন্ডিকেটের নেতারা গত রোববার এ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় প্রথম আলোতে গতকাল মঙ্গলবার একটি সংবাদ প্রকাশিত হয়।
সপ্তম শ্রেণির নূপুর রানী দাস বলে, ‘আমাদের যাঁরা কষ্টে রেখেছেন, তাঁদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাব না।’
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, ‘বিদ্যালয়টি এমপিওভুক্ত নয়। পুরো খরচ আমাকে দিতে হয়। এই অবস্থায় কতিপয় রাজনৈতিক নেতার কাছ থেকে সহযোগিতা পাওয়ার পরিবর্তে চাঁদা দাবি এবং বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা কোনোভাবে মেনে নিতে পারছি না।’
তবে গতকালও অভিযুক্ত তিন আওয়ামী লীগের নেতা চাঁদা দাবির কথা অস্বীকার করেন। তাঁরা বলেন, তাঁদের চেষ্টা-তদবিরে গ্রামে পিডিবির বিদ্যুৎ এসেছে। সংযোগটি বৈধ না হওয়ায় গ্রামের কিছু মানুষ তা বিচ্ছিন্ন করে দেন। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে মিটার খুলে নেয়।
বাজিতপুর উপজেলার বিদ্যুৎ বিভাগের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, তিনি এখনো বিদ্যালয়টির সংযোগ আবেদন পাননি। বেদন না পেলে তাঁর পক্ষে সংযোগ দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
ইউএনও ভাস্কর দেবনাথ মুঠোফোনে বলেন, শিগগিরই বিদ্যুৎ বিভাগ ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।