ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আবেদনে দেশি-বিদেশি ব্যক্তিদের সাফাই সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ। এ দুটি সংগঠন মনে করে, এর উদ্দেশ্য হচ্ছে সাকা চৌধুরীর রায় কার্যকরে বাধা সৃষ্টি করা। এটা গোটা বিচার বিভাগের বিরুদ্ধেও ষড়যন্ত্র।
গতকাল শুক্রবার দুটি সংগঠনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এসব কথা বলা হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদের যুক্ত বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় কার্যকর দেখতে দেশবাসী অপেক্ষা করছে। বিচার কার্যকরের চূড়ান্ত পর্যায়ে নতুন সাফাই সাক্ষী কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপি নেতা সাকা চৌধুরীর বিচারের শেষ পর্যায়ে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের সর্বোচ্চ আদালতকে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রায় পুনর্বিবেচনার আবেদনে দেশি-বিদেশি ব্যক্তিদের সাফাই সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিচারের রায় কার্যকরে বাধা সৃষ্টি করাই এর উদ্দেশ্য বলে মনে করে সম্মিলিত সামাজিক আন্দোলন।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর থেকেই বিচারকাজ বিঘ্নিত ও বিলম্বিত করা এবং ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত ব্যক্তিদের হুমকি দিয়ে বিচার বন্ধ করার চেষ্টা চলছে। রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্রের নীলনকশা। এর সঙ্গে বিদেশি লবিস্ট নিয়োগ করে দেশের বিচারব্যবস্থা, গণতন্ত্র ও স্থিতিশীলতাকে বিপন্ন করার কূটকৌশল চালানো হচ্ছে। সাকা চৌধুরীর পক্ষে কতিপয় দেশি-বিদেশিদের সাফাই সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করার দাবির মাধ্যমে থলের বিড়াল বের হতে শুরু করেছে।
বিবৃতি দিয়েছেন সংগঠনের সমন্বয়ক অজয় রায়, যুগ্ম সমন্বয়ক জিয়াউদ্দিন তারেক আলী ও সদস্যসচিব অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।
বিবৃতিতে আরও বলা হয়, বিচারিক ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ে এ ধরনের সাফাই সাক্ষীর তালিকা গোটা বিচারব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র ও আদালত অবমাননা। এর মধ্য দিয়ে বিচার কার্যক্রম ব্যাহত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হচ্ছে।
গত ৩০ সেপ্টেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১৪ অক্টোবর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সাকা চৌধুরী ও মুজাহিদ। পরে সাকা চৌধুরী পাকিস্তানি পাঁচজনসহ আটজনকে সাফাই সাক্ষী রেখে তাঁদের সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে আবেদন করেন।