বিচার চলাকালে সভাপতিকে এক আসামির চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেলস ব্যাটালিয়নের বিচার চলাকালে গতকাল বুধবার এক আসামি চিরকুট পাঠান বিশেষ আদালত-৭-এর সভাপতির কাছে। চিরকুটে লেখা ছিল, ‘বিদ্রোহের পূর্বাপর সকল তথ্য জানতে হলে এক জাসদ নেতার সঙ্গে আদালতকে যোগাযোগ করতে হবে।’চিরকুট পড়ে আদালতের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম বলেন, এ আদালতে বাহিনীর সদস্যদের বিদ্রোহের বিচার হচ্ছে। আদালতের পক্ষ থেকে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। তবে তিনি চিরকুট পাঠানো জওয়ানের নাম উল্লেখ করেননি।পিলখানায় বিজিবির দরবার হলে স্থাপিত এই বিশেষ আদালতে এ মামলার বিচার চলছে। মামলার প্রসিকিউটর মেজর খান মোহাম্মদ আলাউদ্দিনের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে গতকাল এ ব্যাটালিয়নের আরও ২৩৫ জওয়ান শেষবারের মতো আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেন।এ মামলার মোট ৬৬৬ আসামির মধ্যে গত মঙ্গলবার ১২০ জন তাঁদের শেষ বক্তব্য উপস্থাপন করেন। ৩১১ জন আজ বৃহস্পতিবার তাঁদের শেষ বক্তব্য উপস্থাপন করবেন। এর পরই মামলার রায়ের দিন ঘোষণা করবেন আদালত।শেষবারের মতো বক্তব্যে ২৪ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহি মনিরুজ্জামান আদালতকে বলেন, দেশ, জাতি ও বাহিনীকে চরম ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই তিনি প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় গিয়েছিলেন। ডিএডি তৌহিদুল আলমসহ বাকি ১৩ জনকেও তিনি বুঝিয়ে নিয়ে গিয়েছিলেন।বিজিবি সূত্র জানায়, বিডিআরে বিদ্রোহের সময় ডিএডি তৌহিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় বৈঠক করতে যে ১৪ জওয়ান গিয়েছিলেন, তাঁদের একজন সিপাহি মনিরুজ্জামান। তাঁর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।আদালতকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন, মেজর সাইদ হাসান তাপস ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।