বিচার চাওয়ায় পুড়িয়ে মারার চেষ্টা গৃহবধূকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের এক গৃহবধূকে (২২) পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অনৈতিক প্রস্তাবের বিচার চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সোহরাব মিয়া নামের এক প্রতিবেশী তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। গৃহবধূকে উদ্ধার করতে গিয়ে তাঁর স্বামীও (৩০) সামান্য দগ্ধ হয়েছেন।

এ ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার অভিযান চালিয়ে সোহরাবের ভাই কামরুজ্জামান ও হীরা মিয়াকে আটক করেছে।

গত বৃহস্পতিবার ভোরের ওই ঘটনায় গৃহবধূ ও তাঁর স্বামীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেন, গৃহবধূর শরীরের ২৫ ভাগ দগ্ধ হয়েছে। তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গৃহবধূর স্বামী ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোহরাব বেশ কিছুদিন ধরে গৃহবধূকে অনৈতিক কাজের প্রস্তাব দিচ্ছিলেন। গৃহবধূ এর প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে গৃহবধূর অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে সালিস বসে। সালিসে সোহরাব উপস্থিত হননি। তাঁর চাচা ফিরোজ মিয়া থাকলেও বিষয়টির সুরাহা হয়নি।

গৃহবধূর পরিবারের অভিযোগ, তাঁর স্বামী গাজীপুর থেকে বৃহস্পতিবার বিকেলে বাড়িতে আসেন। স্ত্রীর কাছ থেকে ঘটনা শুনে সন্ধ্যায় সোহরাবের অনুপস্থিতিতে তাঁকে গালাগাল করেন। পরে গতকাল ভোরে গৃহবধূ ঘরের বাইরে শৌচাগারে গেলে সোহরাব তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। গৃহবধূর চিৎকারে স্বামী বাইরে এসে আগুন নেভাতে গিয়ে নিজেও দগ্ধ হন। ভোর সাড়ে ছয়টার দিকে অন্য প্রতিবেশীদের সহযোগিতায় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয় তাঁদের।

সোহরাবের চাচা ফিরোজ মিয়া বলেন, তাঁর ভাতিজা যদি দোষী হয় তবে তিনিও এর বিচার চান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, ঘটনার পর থেকে সোহরাব মিয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।