মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান রাখার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
গতকাল শনিবার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত ইফতার অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী সরকারের কাছে এ দাবি জানান। রাজধানীর শাহীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠান শুরুর আগে এ কে খন্দকার বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজনের বিচার শেষ হয়েছে, কয়েকজনের শাস্তি ঘোষণা করা হয়েছে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাব এমন একটি আইন করুন, যত দিন না সব মানবতাবিরোধীর বিচার সম্পন্ন হয়, তত দিন পর্যন্ত যেন এ বিচার চলতে থাকে।’
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।