বিচার চায় বিভিন্ন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। ঘটনার পর থেকে গতকাল রোববার পর্যন্ত এসব সংগঠন গণমাধ্যমে বিবৃতি পাঠায়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, ঢাকায় আশুরার কেন্দ্রীয় কর্মসূচিতে এ হামলা পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ। তাঁরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে বলেন, এটি চরম উদ্বেগের বিষয়। এর আগেও দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোনো হামলার ব্যাপারেই সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের ভূমিকা ও অবস্থান এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
গতকাল রোববার বিকেলে সিপিবির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। দলের নেতারা ঘটনার নির্মোহ তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে যা এর ঐতিহ্যের অঙ্গ, যেখানে সবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে। শিয়া সম্প্রদায়ের একটি বিশেষ ধর্মীয় দিনে বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় এই বর্বর, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
গণতান্ত্রিক বাম মোর্চার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গতকাল এক প্রস্তাব গৃহীত হয়। এতে বলা হয়, এ ধরনের মর্মান্তিক হতাহতের ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার তৎপরতার কারণে প্রকৃত সন্ত্রাসী ও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সংগঠনটি পারস্পরিক দোষারোপের রাজনীতি পরিহার করে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জি এম জিলানী এক বিবৃতিতে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন রাষ্ট্রে আজ ধারাবাহিকভাবে একের পর এক সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। রাষ্ট্রের ভূমিকা এসব বিষয়ে বরাবরই নির্লিপ্ত, যা হামলাকারী সন্ত্রাসীদের পরোক্ষভাবে মদদ দিচ্ছে।
এ ছাড়া নাগরিক ঐক্য ও নাগরিক পরিষদ ঘটনার বিচার দাবি করেছে।