
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল রোববার পালিত হয়েছে ছাত্র ধর্মঘট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন শেষে ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল সাতটা থেকে তনু হত্যার প্রতিবাদে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করবে ছাত্র ইউনিয়ন।
ছাত্র ধর্মঘটের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পালিত হয়েছে মানববন্ধনও।
ছাত্র ধর্মঘট: ধর্মঘটের কারণে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল ক্লাস ও পরীক্ষা হয়নি। গতকাল সকাল আটটা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। ধর্মঘটে ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যসহ বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠন সমর্থন দেয়। পরে মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের নেতারা ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও ও স্মারকলিপি পেশের কর্মসূচি গ্রহণ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট। এ ছাড়া ক্যাম্পাসে মিছিল ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট ও কারমাইকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্মঘট পালিত হয়। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র ধর্মঘট, বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয় প্রগতিশীল ছাত্রজোটের আয়োজনে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সকালে মানববন্ধন হয়েছে।
গণস্বাক্ষর, সমাবেশ ও মানববন্ধন: তনু হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট এবং বিভাগে গিয়ে গণস্বাক্ষর কার্যক্রম চালান।
বিকেলে রাজু ভাস্কর্যের সামনে তনুর ‘ধর্ষক’ ও খুনিদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, নারীকে যত দিন তার যথাযোগ্য সম্মান দেওয়া না হবে, তত দিন এ ধরনের ঘটনা চলতে থাকবে।’
সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমউদ্দিন খান, ফাহমিদুল হক, মোহাম্মদ আজম, সামিনা লুৎফা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, শ্রমজীবী সংঘের সভাপতি আবদুল আলী, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা প্রমুখ বক্তব্য দেন।
আরও কর্মসূচি: একই দাবিতে ধানমন্ডি-২৭ নম্বর ও সাতমসজিদ রোড এলাকাতে সমাবেশ ও মিছিল করেছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে রয়েল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেন। ধানমন্ডি ২৭ নম্বর সড়কে প্রধান ক্যাম্পাসে মানববন্ধন করে ইবাইস ইউনিভার্সিটি।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে। উত্তরার আজমপুরে প্রগতিশীল ছাত্রসংগঠনের ব্যানারে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
আজও ধর্মঘট: এদিকে তনু হত্যার প্রতিবাদে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সোমবার সকাল সাতটা থেকে ধর্মঘট পালন করবে ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা তেজগাঁও কলেজ এলাকায় সকাল সাতটায় উপস্থিত থাকবেন।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}