
বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম হরিবাসরে ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে খুন হওয়া যুবক সনাতন প্রামাণিকের হত্যাকারীদের বিচার চাইতে এসে কাঁদলেন স্বজনেরা। তাঁদের কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়লেন মানববন্ধনে যোগ দিতে আসা অন্যরাও। গতকাল বুধবার বগুড়া শহরের সাতমাথায় এ মানববন্ধন হয়।
এদিকে সনাতন প্রামাণিককে হত্যার প্রতিবাদে নওগাঁয়ও মানববন্ধন হয়েছে।
বগুড়ার সাতমাথায় মানববন্ধনে দাঁড়িয়ে সনাতন প্রামাণিকের মা সুষমা রানী এবং সনাতনের সদ্যবিবাহিত স্ত্রী সুচিত্রা রানী কান্নায় ভেঙে পড়েন। এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশে পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় নেতারাও। কমিটির কেন্দ্রীয় সভাপতি কাজল দেবনাথ ক্ষোভ প্রকাশ করে বলেন, হরিবাসরে শত শত মানুষের সামনে নারীদের উত্ত্যক্ত করছিল বখাটে বিপুল ও তার সহযোগীরা। প্রতিবাদ করতে গিয়ে সবার সামনেই খুন হন সনাতন। অথচ ঘটনার পর তিন দিন পার হলেও হত্যাকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার হয়নি।
বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে দুপুর ১২টা থেকে এক ঘণ্টার এ মানববন্ধনে বক্তব্য দেন পদ্মাবতী দেব, দিলীপ কুমার দেব, সাগর কুমার রায়, সুভাশীষ পোদ্দার, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।
এদিকে মানববন্ধন ও সমাবেশের পরপরই পুলিশ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও শাজাহানপুর থানার এসআই খোকন চন্দ্র বলেন, গতকাল বুধবার দুপুরের দিকে গণ্ডগ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. রকিকে গ্রেপ্তার করা হয়েছে।
সনাতন হত্যার প্রতিবাদে নওগাঁ শহরের স্বাধীনতা ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নওগাঁ জেলা শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন অনিল কুমার দাশ, দীপেস চন্দ্র বিশ্বাস, প্রণব রঞ্জন বসাক প্রমুখ। পরে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।
পরিবারের সদস্যদের নিয়ে ৩ এপ্রিল রাতে গণ্ডগ্রাম আদি কালীমন্দিরে হরিবাসর অনুষ্ঠান দেখতে যান সনাতন। সেখানে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক বিপুলের নেতৃত্ব বখাটেরা মেয়েদের উত্যক্ত করে। ভাগনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে খুন হন সনাতন প্রামাণিক।