বিচার চেয়ে ছাত্র ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ছাত্র ইউনিয়নের আহ্বানে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্কুল-কলেজে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন জানিয়েছে, রাজধানীর প্রায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বেলা একটায় সংবাদ সম্মেলন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলন থেকে ৭ এপ্রিল প্রগতিশীল ছাত্রজোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি, ১০ এপ্রিল বিকেল চারটায় টিএসসির রাজু ভাস্কর্যে নাগরিক প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে তনু হত্যার বিচার এবং সারা দেশে অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
তনুসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকাল ১০টায় উত্তরার আজমপুরে প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তারা বলেন, বিচারহীনতা ও সরকারের ব্যর্থতার কারণে নারী ও শিশু নির্যাতন দিনে দিনে বেড়েই চলেছে।
‘নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তেজগাঁও কলেজ’ ব্যানারে ছাত্র ধর্মঘট পালন করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এ সময় তেজগাঁও কলেজ ক্যাম্পাসে অবস্থিত কৃষি ব্যাংকের সামনের চত্বরে বিক্ষোভ সমাবেশও করে শিক্ষার্থীরা।
ঢাকার বাইরে: তনু হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে দুপুরে ছাত্রসমাবেশ হয়। এ সময় প্রতিবাদী গান, পথনাটিকা, কবিতা আবৃত্তির মাধ্যমেও তনু হত্যার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
শেরপুরে নাগরিক সংগঠন জন-উদ্যোগের আয়োজনে সকালে জেলা শহরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ মানবাধিকার কমিশন, সম্মিলিত সামাজিক আন্দোলন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, উদীচী, নবীনগর আদর্শ বিদ্যাপীঠ, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।
পাবনা-বগুড়া মহাসড়কের কাশীনাথপুর ট্রাফিক মোড়ে সকালে এভারগ্রিন ফ্রেন্ডস সার্কেল নামের একটি সংগঠনের উদ্যোগে হয় মানববন্ধন। কয়েক শ মানুষ এতে অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় পথসভা।
ফরিদপুরে শহরের মহিম ইনস্টিটিউট থেকে সকালে মিছিল বের করেন শিক্ষার্থীরা। দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্যোগে অনার্স ক্যাম্পাসে হয় মানববন্ধন।
রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের সমর্থনে সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে হয় সমাবেশ।
ময়মনসিংহে লাঠিমিছিল করেছেন নারীরা। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে বিকেলে শহরের হরিকিশোর রায় সড়ক থেকে বের হয় মিছিলটি।
মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে দুপুরে জেলা ছাত্র ইউনিয়ন আয়োজন করে মানববন্ধনের। এতে যুব ইউনিয়ন, খেলাঘর, উদীচী, কৃষক সমিতি, সিপিবির নেতা-কর্মীরাও অংশ নেন।
এ ছাড়া সুনামগঞ্জ, নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি পালন করে তনু হত্যার বিচার দাবি করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]