
তুরস্কের সাগরতীরে ছোট্ট শিশু আয়লানের উপুড় হয়ে থাকা লাশটা পুরো বিশ্ব মানবতাকে নাড়িয়ে দিয়েছে, শরণার্থীদের জন্য খুলে দিয়েছে ইউরোপের দ্বার। কিন্তু সবাই ভুলে গেছে সেই ফেলানীর কথা, গুলি খেয়ে কাঁটাতারে ঝুলে ছিল যার রক্তাক্ত লাশ। সেই ফেলানী হত্যার বিচার পর্যন্ত পাননি তাঁর বাবা।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে যোগ দিতে এসেছিলেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। দরিদ্র কৃষক নুরুল ঠিকমতো গুছিয়ে কথা বলতে না পারলেও মেয়ে হত্যার বিচার চেয়ে তিনি যা বললেন তার সারমর্ম এই দাঁড়ায়। নুরুল বলেন, সাগরতীরে আয়লানের লাশের ছবি দেখে ‘তার বাবার’ কষ্ট অনুভব করতে পেরেছেন তিনি। আয়লানের মৃত্যু একটা নাড়া দিয়েছে। কিন্তু তিনি এখনো ফেলানীর বিচার চেয়ে ফিরছেন।
ফেলানী হত্যার বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে নাগরিক পরিষদ নামে একটি সংগঠন। সংগঠনের সভাপতি শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন আবু মাহমুদ, লাভলী ইয়াসমিন, সামছুল আলম প্রমুখ। বক্তারা কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তের নাম ‘ফেলানী সীমান্ত’ এবং ঢাকার গুলশান-১ থেকে তেজগাঁও সংযোগ সড়কটির নাম ফেলানীর নামে রাখার দাবি করেন।