
টাঙ্গাইলের আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন মানুষ। গতকাল সোমবার ফারুকের স্ত্রী নাহার আহমেদের নেতৃত্বে সহস্রাধিক মানুষ টাঙ্গাইল শহরের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
‘স্বজনদের পক্ষে’ ব্যানার নিয়ে এ মিছিলে ফারুক আহমেদের স্ত্রী ছাড়াও সন্তান ও স্বজনেরা অংশ নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। মিছিল থেকে সাংসদ আমানুর রহমান খান ও তাঁর তিন ভাইয়ের বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়।
এদিকে ফারুকের হত্যাকারী হিসেবে ঘাটাইলের সাংসদ আমানুর রহমান, পৌর মেয়র সহিদুর রহমান খান ও তাঁদের অন্য দুই ভাই জাহিদুর রহমান খান ও সানিয়াত খানকে চিহ্নিত করে শহরে পোস্টার সাঁটানো হয়েছে। ‘আওয়ামী সমর্থক পরিবার’ নামে এ পোস্টার ছাড়া হয়েছে।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
নয়জনকে আসামি করে শিগগিরই অভিযোগপত্রগত ১১ আগস্ট পুলিশ আনিসুল ইসলাম ওরফে রাজা এবং ২৪ আগস্ট মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে। ২৭ আগস্ট রাজা এবং ৫ সেপ্টেম্বর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এঁরা দুজন জবানবন্দিতে সাংসদ ও তাঁর তিন ভাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন।