বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সায়েদুল মোরসালিনের ওপর হামলাকারী ছাত্রলীগ কর্মীদের বহিষ্কার ও বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যৌথভাবে গতকাল রোববার বিকেলে এ দাবিতে মৌন মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালিত হয়।প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে চুয়েট বাসে ধূমপান করতে নিষেধ করায় এক জ্যেষ্ঠ শিক্ষার্থীকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এর প্রতিবাদে পরদিন বুধবার সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের সংবাদ সংগ্রহ শেষে রাতে নগরে ফেরার পথে বিশ্ববিদ্যালয় বাস থেকে নামিয়ে প্রথম আলোর চুয়েট প্রতিনিধি সায়েদুল মোরসালিনকে মারধর করেন ছাত্রলীগের কর্মী তাসনিম আহসান ও আসিফুর রহমান জীবন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সুজন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার হেদায়েত উল্লাহর পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন, চুয়েট সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইমরান খান, আশরাফ রেজা, হুমায়ুন মাসুদ, আসাদুজ্জামান প্রমুখ।