বিচার দাবিতে সিলেট তামাবিল সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের খাদিমনগর বিসিক শিল্পনগরী এলাকায় বনফুল কোম্পানির দুই কর্মচারী হত্যার বিচার দাবিতে কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন।
গত শুক্রবার রাতের ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী ও বনফুল কারখানার শ্রমিকেরা গতকাল সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারী সড়কে অবস্থান নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সংহতি জানিয়ে এলাকাবাসীও অবস্থান নিলে সিলেট-তামাবিল সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলার একপর্যায়ে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
শুক্রবার রাত পৌনে আটটার দিকে বনফুলের কর্মচারী মোহাম্মদ রাজু (১৯) ও তাপু মিয়াকে (২০) কারখানা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। খাদিমনগর বিসিক শিল্পনগরীর বাইরে চৌরাস্তার মোড়ে এ ঘটনার সময় রাসেল আহমদ (২০) নামের বনফুলের আরও এক কমচারী ছুরিকাহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজুর বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জের দরদাহ গ্রামে। তাপুর বাড়ি শরীয়তপুরের ধামড়া ধনই গ্রামে। প্রায় দুই বছর ধরে সিলেটে বেকারি খাদ্যসামগ্রী উৎপাদন ও বিপণন কারখানা বনফুল কোম্পানিতে কর্মরত ছিলেন তাঁরা। গতকাল ময়নাতদন্ত শেষে বনফুল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তর করলে দুপুরে এগুলো বাড়িতে পাঠানো হয়।
বনফুল কোম্পানির সহকারী উপব্যবস্থাপক শফিকুল ইসলাম হামলার কারণ ও হামলাকারী সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশের সহায়তা চেয়েছেন তিনি। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ রাতে খাদিমনগর এলাকা থেকে রকি, পংকি ও জামাল নামের তিন যুবককে আটক করেছে। এ ঘটনায় নিহত রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন দুর্বৃত্তকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা করেছেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন চৌধুরী বলেন, ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার তিনজন বাসিন্দাকে আটক করা হয়েছে। গতকাল তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।