বিচার দাবিতে স্মারকলিপি মামলা যাচ্ছে ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে গতকাল ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে সচিবালয়ের ফটকের সামনে বাধা দেয় পুলিশ l ছবি: প্রথম আলো
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে গতকাল ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে সচিবালয়ের ফটকের সামনে বাধা দেয় পুলিশ l ছবি: প্রথম আলো

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচারের দাবিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
গতকাল মঙ্গলবার এই স্মারকলিপি দেওয়া হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেছেন, পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ খতিয়ে দেখা হবে। স্মারকলিপি দিতে যাওয়া প্রতিনিধিদলের সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে ওই ঘটনার তদন্তভার গতকাল বিকেলে শাহবাগ থানার পুলিশের কাছ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে ন্যস্ত করা হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যান। জাতীয় প্রেসক্লাব হয়ে মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার সময় সচিবালয়ের ফটকে প্রতিবন্ধক রেখে বাধা দেয় পুলিশ। ওই প্রতিবন্ধক ভেঙে এগোনোর চেষ্টা করলে প্রতিবন্ধকের কাঁটায় অন্তত ১৩ জনের হাত কেটে যায়।
পরে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের নেতৃত্বে ছয়জনের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, পয়লা বৈশাখে সংঘবদ্ধ যৌন নিপীড়নের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কর্তব্য পালনে ব্যর্থতা ও অবহেলা সুস্পষ্ট। ঘটনাস্থলেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোল বুথ ছিল, যেখান থেকে সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হচ্ছিল। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘবদ্ধ নিপীড়নের ঘটনায় প্রয়োজনীয় অতিরিক্ত পুলিশ আনা হয়নি। গুটিকয়েক পুলিশের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। ঘটনাস্থলে কয়েকজন নিপীড়ককে হাতেনাতে পাকড়াও করে কর্তব্যরত উপপরিদর্শক আলী আশরাফের কাছে হস্তান্তর করা হলেও তিনি তাদের ছেড়ে দেন। ঘটনার সাত দিন পরও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। পুলিশের পক্ষ থেকে প্রথমে সিসি ক্যামেরায় ভিডিওচিত্রে তেমন কিছু পাওয়া যায়নি বলা হলেও ওই ভিডিওচিত্রেই ঘটনার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে।
স্মারকলিপিতে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও পুলিশ সদস্যদের বিচার ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অপসারণ, বিশ্ববিদ্যালয়ে সার্বিক ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা, বাসস্থল-শিক্ষাঙ্গন-কর্মস্থল-গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয়ভাবে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, সহসভাপতি আবু তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সুমন সেনগুপ্ত।
নারী লাঞ্ছনার প্রতিবাদে ও দায়িত্ব পালনে ‘ব্যর্থ’ প্রক্টরের অপসারণের দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মিছিলটি মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে কলাভবন ও বাণিজ্য অনুষদ প্রদক্ষিণ করে কলাভবনের পশ্চিম পাশে সমাবেশ করে। ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ‘সাধারণ শিক্ষার্থীরা’ যৌন নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার এবং বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন করেন। একই দাবিতে দুপুরে অপরাজেয় বাংলায় মানববন্ধন করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট টিএসসিতে প্রতিবাদ সমাবেশ করে।
মামলা ডিবিতে হস্তান্তর: এদিকে নারী লাঞ্ছনার ঘটনায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই ঘটনায় করা মামলার তদন্তভার শাহবাগ থানার পুলিশের কাছ থেকে ডিবিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় রাতে প্রথম আলোকে বলেন, মামলার তদন্তভার বিকেলে ডিবিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। আজ বুধবার মামলার নথিপত্র ডিবি গ্রহণ করবে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান বলেন, গত সোমবার বিকেলে মিরপুর থেকে এক ব্যক্তিকে আটক করা হলেও ভিডিও ফুটেজের চেহারার সঙ্গে তাঁর মিল না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।