বিচার দ্রুত নিষ্পত্তি না হলে বন্দীর সংখ্যা বাড়তেই থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি বিচারব্যবস্থায় সংশ্লিষ্ট সবাই এক হয়ে কাজ না করলে কারাগারের বন্দীর সংখ্যা কখনোই কমিয়ে আনা সম্ভব নয়। কারণ বিচার দ্রুত নিষ্পত্তি না হলে বিচারাধীন বন্দীদের সংখ্যা বাড়বেই, আর আইনের প্রতি আস্থা হারাবে জনগণ। গতকাল শনিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড) আয়োজিত ‘ইমপ্রুভমেন্ট অব দ্য রিয়াল সিচুয়েশন অব ওভারক্রাউডিং ইন প্রিজন্স ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা অধিদপ্তর ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অভিমত প্রকাশ করেন। একই সঙ্গে কর্মশালায় অংশ নেওয়া ব্যক্তিরা ১৯৮০ সালে প্রণীত বিচারপতি মুনিম কমিশনের রিপোর্টের সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে অনেক কারা সমস্যার সমাধান হবে বলে একমত প্রকাশ করেন। কারাগারের কর্মকৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নে বিদ্যমান আইন সঠিকভাবে প্রয়োগ, কারা অধিদপ্তরের একটি সমন্বিত ডেটাবেইস তৈরি, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনের অংশবিশেষ পরিবর্তন, বর্তমান জেল কোডের প্রয়োজনমাফিক সংশোধনের বিষয়েও উপস্থিত জুডিশিয়ারি, মন্ত্রণালয়, কারা অধিদপ্তর ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা একমত হন।কর্মশালায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. ইকবাল খান বলেন, বিচারপতি মুনিম কমিশনের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারা অধিদপ্তরের জন্য যৌথ কর্মকৌশল পরিকল্পনা প্রণয়ন করা হবে। প্রকল্পের উপদেষ্টা রিচার্ড মাইলস জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার, বগুড়া ও মাদারীপুর জেলা কারাগার থেকে ইতিমধ্যে ৩৫৯ বন্দীকে মুক্ত করা হয়েছে।কর্মশালায় সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি আনোয়ারউল হক, আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আনোয়ারুল হক, সামরিক গোয়েন্দা অধিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল এ এইচ এম মকবুল হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান, ঢাকার জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথসহ বিভিন্ন জেলার জেল-সুপাররা উপস্থিত ছিলেন।