বিচার না হওয়ায় পোশাকশিল্পে এমন ঘটনা ঘটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণফোরাম ও নাগরিক ঐক্যের নেতারা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণফোরাম ও নাগরিক ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা এ মন্তব্য করেন। সাভারের রানা প্লাজা ধসে পড়ার একটি কারণ হিসেবে বুধবার হরতালের দিন বিএনপির কর্মীদের ভবন নিয়ে নাড়াচাড়া করাকে দায়ী করায় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এ মন্তব্য করা হয়। তাঁরা ভবন ও কারখানার মালিকদের এবং জড়িত সরকারের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের শাস্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘স্পেকট্রাম ও তাজরীনের ঘটনার পর আদালতের কোনো আদেশ পালন করা হয়নি। পোশাকশিল্পের এসব ঘটনায় কারও বিচার হয়নি। এসব কারণে একের পর এক ঘটনা ঘটেছে।’নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ভবনটির মালিক যুবলীগের একজন নেতা। তাঁর ইচ্ছা ছিল শ্রমিকদের দিয়ে একটি হরতালবিরোধী মিছিল করা। এ জন্য জোর করে শ্রমিকদের কাজে আনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়। এটা হত্যাকাণ্ড। ভবন ও কারখানার মালিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভারের মেয়রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা যায়।