বিচার না হওয়া পর্যন্ত কান্না নিয়ে কাজ করব: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা আপনাদেরই (সাংবাদিক) লোক, সাগর-রুনিকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। যত দিন পর্যন্ত সাগর-রুনির হত্যাকারীদের শাস্তি না হবে, তত দিন আমি মন্ত্রণালয়ে চোখেমুখে কান্না নিয়ে কাজ করব।’ গতকাল শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিজ নির্বাচনী এলাকায় মন্ত্রী হওয়ায় তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে হাসানুল হক ইনু সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। খালেদা জিয়ার উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘সংলাপের মাধ্যমেই গণতন্ত্র সঠিক থাকবে। তিনি (খালেদা জিয়া) নির্বাচন অংশ নেবেন, নাকি দুর্নীতিবাজ ছেলে, আত্মীয়স্বজন ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন?’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আমি তদবির মন্ত্রী নয়, আমার কাছে কেউ তদবির নিয়ে যাবেন না। তবে দেশ ও এলাকার উন্নয়নে আমার দরজা সর্বদা খোলা থাকবে।’ এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ জাসদের নেতারা বক্তব্য দেন।বিকেল চারটার দিকে ভেড়ামারায় নিজ গ্রামে স্বজনের কবর জিয়ারত করেন। পরে ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে জাসদের নেতারা তাঁর জন্য আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এর আগে কুমারখালী মীর মশাররফ সেতু এলাকায় কুষ্টিয়া জেলা জাসদের কয়েক হাজার নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে বরণ করেন। মোটর শোভাযাত্রা করে মন্ত্রীকে মিরপুরে নিয়ে আসা হয়।