বিচার না হওয়ায় দেশে জঙ্গি হামলা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যতই আঘাত হানো ঝরাও প্রাণ, তবু গেয়ে যাব জীবনের জয়গান’ স্লোগান নিয়ে রংপুর উদীচী শিল্পীগোষ্ঠী গতকাল মানববন্ধন করে। রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয় l ছবি: প্রথম আলো
‘যতই আঘাত হানো ঝরাও প্রাণ, তবু গেয়ে যাব জীবনের জয়গান’ স্লোগান নিয়ে রংপুর উদীচী শিল্পীগোষ্ঠী গতকাল মানববন্ধন করে। রংপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয় l ছবি: প্রথম আলো

যশোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলনে বোমা হামলাকারীদের দ্রুত বিচারের দাবি করেছেন সাংস্কৃতিক কর্মীরা। তাঁরা ঘটনার পুনঃ তদন্তও দাবি করেছেন। গতকাল শুক্রবার বরিশাল, সিলেট ও রংপুরে নানা কর্মসূচির মাধ্যমে এসব দাবি জানানো হয়।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ১৬ বছর আগের এই বর্বরোচিত হামলার বিচার আজও হয়নি। অথচ ওই হামলায় ১০ জনের প্রাণহানির পাশাপাশি শতাধিক লোক আহত হন। তাঁরা আরও বলেন, রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। উদীচীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একাত্তরের পরাজিত শক্তির নতুন চক্রান্ত ছিল উদীচীর সম্মেলনে বোমা হামলা। ওই হামলার বিচার না হওয়ায় দেশে জঙ্গি হামলা বাড়ছে।
১৯৯৯ সালের ৬ মার্চ এ হামলা চালানো হয়। পরের বছর থেকে দিনটি ‘সংস্কৃতি দিবস’ হিসেবে পালন করে আসছে উদীচী।
বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বিকেলে প্রতিবাদী সংগীত ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ দাস মুনশীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মানবেন্দ্র বটব্যাল, বদিউর রহমান, নারায়ণ সাহা, শান্তি দাস, কাজল ঘোষ, শুভংকর চক্রবর্তী, নজরুল ইসলাম, আজমল হোসেন প্রমুখ।
সমাবেশের পাশাপাশি সিলেটে শোভাযাত্রাও বের করা হয়। বিকেলে নগরের সারদা হলের সামনে থেকে বের করা শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে সংগঠনের জেলা সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে আরশ আলী, সৈয়দ মুনির হেলাল, মাধব রায়, রতন দেব প্রমুখ বক্তব্য দেন।
রংপুর প্রেসক্লাবের সামনে বিকেলে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন সাংস্কৃতিক কর্মীরা। উদীচীর জেলা সহসভাপতি অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রথীশ চন্দ্র ভৌমিক, শাহাদাত হোসেন, শাশ্বত ভট্টাচার্য, কাফী সরকার প্রমুখ। শেষে উদীচীর শিল্পীরা প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন।

{প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সিলেট ও রংপুর এবং বরিশাল অফিস}