বিচার না হওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুিন হত্যার বিচারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি । ছবি: প্রথম আলো
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুিন হত্যার বিচারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি । ছবি: প্রথম আলো

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার সোয়া দুই বছর পরও খুনিরা গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা।
সমাবেশে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩০ জুন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেওয়া হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এ কর্মসূচিতে বিএফইউজে ও ডিইউজের নেতারা অংশ নেন।
বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘সাগর-রুনি হত্যাকারীদের যদি গ্রেপ্তার করতে না পারেন, তাহলে যাঁরা ৪৮ ঘণ্টা, ৯৬ ঘণ্টার মধ্যে আটক করার কথা বলেছিলেন, তাঁদের নামে মামলা করতে বাধ্য হব।’
বিএফইউজের অপর অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, কোনো সরকারই সাংবাদিক হত্যার বিচার করেনি। তিনি সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সব সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী৷ আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম, শাবান মাহমুদ, সাখাওয়াত হোসেন, ইলিয়াস খান প্রমুখ।