বিচার না হওয়ায় হতাশ পরিবারের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের মৃত্যুর চার বছরেও বিচার না পেয়ে হাতাশা প্রকাশ করেছেন তাঁর বাবা-মা।
সম্প্রতি আবু বকরের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। আবু বকরের মা রাবেয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি টাকা চাই না, পয়সা চাই না। যারা আমার বাবারে মাইরা ফালাইছে তাগোরে বিচার চাই।’ রুস্তম আলী বলেন, ‘আমার ছেলে তো কোনো দল করত না। এর পরও তাকে জীবন দিতে হলো। যারা হত্যা করল, তাদের এখনো বিচার হলো না।’
এলাকার অনেকে জানান, আবু বকরের লেখাপড়ার খরচ জোগাতে তাঁর বাবা-মা ও দুই ভাই গ্রামে দিনমজুরি করতেন। বিশ্ববিদ্যালয় বন্ধ হলে আবু বকর গ্রামে এসে দিনমজুরি করতেন।
মৃত্যুর সময় আবু বকর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক (সন্মান) চূড়ান্ত পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় ছিলেন। ফল বের হলে দেখা যায়, আবু বকর প্রথম হয়েছেন।
জানা গেছে, আবু বকরের মৃত্যুর পর তাঁর বড় ভাই আব্বাস উদ্দিনকে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিকী। সম্প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ আব্দুর রাজ্জাক পাঁচ লাখ টাকার দেন আবু বকরের বাবার কাছে।
২০১০ সালের ১ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আবু বকর গুরুতর আহত হন। ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আবু বকর টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের দিনমজুর রুস্তম আলীর ছেলে।
ঘটনার পরপরই আসামিদের মধ্যে দুজনকে আটক করা হলেও পরে জামিনে মুক্তি পায়। বাকি আসামিরা গ্রেপ্তার হয়নি। বকর হত্যার ১৪ মাস পর ২০১১ সালের ২৯ এপ্রিল শাহবাগ থানা পুলিশ মামলার অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে পাঁচজনকে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। সেই পাঁচজন তখন অভিযোগ করেন, তাঁদের সঙ্গে কথা না বলেই বানোয়াট জবানবন্দি যুক্ত করে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটিত হয়নি। আদালতের নির্দেশে গত বছরের ২৬ নভেম্বর আবু বকর সিদ্দিক হত্যা মামলায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু এখনো আদালতে অভিযোগ গঠন হয়নি। ফলে বিচারকাজও শুরু হয়নি।