>ব্লগার রাজীব হায়দার ছাড়া আর কারও হত্যা মামলায় এখনো বিচার এগোয়নি। এ প্রেক্ষাপটে অভিজিৎ রায়, নীলাদ্রি চট্টোপাধ্যায়, অনন্ত বিজয় দাশ এবং ওয়াশিকুর রহমানের স্বজনেরা প্রতিক্রিয়া জানিয়েছেনপ্রথমআলোর কাছে
খুনি ও ধর্মীয় সন্ত্রাসবাদীদের আশকারা দেওয়া হচ্ছে
রাফিদা আহমেদ, অভিজিৎ রায়ের স্ত্রী

আমি মনে করি অভিজিৎ, ওয়াশিকুর, অনন্তসহ প্রতিটি হত্যার পর সরকার এবং পুলিশ কর্মকর্তারা দায়িত্বহীন মন্তব্য করেছেন। ফলে খুনের বিচার হয়নি, খুনিরা পালিয়ে যেতে পেরেছে। নিলয় হত্যার পর তো উল্টো লেখকদের সাবধান হতে বলা হয়েছিল। দুদিন পরপর পুলিশ মিথ্যা খবর দেয়—অভিজিতের খুনিদের ধরা হয়েছে। আবার বলে, এফবিআইয়ের কারণে তদন্ত ঝুলে আছে কিংবা অন্য কিছু। কিন্তু বাস্তবতা হলো, এ ঘটনায় এখনো সত্যিকারের সন্দেহভাজন কাউকে ধরতেই পারেনি পুলিশ। ফলে ডিএনএ বিশ্লেষণ করা যাচ্ছে না। কারণ, ডিএনএ বিশ্লেষণ করতে হলে সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় খুনের পর হাস্যকরভাবে পুলিশ বড়াই করে বলছে যে সাত মিনিটের মাথায় জুলহাজের বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। এটাই নাকি তাদের খুব বড় সার্থকতা। বাস্তবতা হলো, রাজীব ছাড়া এখনো কোনো হত্যার বিচার হয়নি, এমনকি সঠিক খুনিদেরও ধরতে পারেনি পুলিশ। বরং ৫৭ ধারার মতো মধ্যযুগীয় আইনের অধীনে ব্লগার, লেখক, প্রকাশকদের গ্রেপ্তার করেছে। প্রকাশনী বন্ধ করে দিয়েছে। এভাবেই খুনি ও ধর্মীয় সন্ত্রাসবাদীদের আশকারা দেওয়া হচ্ছে।
যাঁরা চাপাতিতে শাণ দিচ্ছেন তাঁদের আচরণ সামঞ্জস্যপূর্ণ?
আশা মণি, নীলাদ্রি নিলয়ের স্ত্রী

আমার খুব আটপৌরে একটা জীবন ছিল। সেই জীবন নিয়েই আমি সুখী ছিলাম। আমার জীবনটা শেষ হয়ে গেছে। খুনিদের আমি নিজে দরজা খুলে দিয়েছিলাম। আমাকে বারান্দায় আটকে রেখে নীলাদ্রিকে ওরা কুপিয়ে মারল। মনে আছে, আমি শুধু সাহায্যের জন্য চিৎকার করছিলাম। কেউ এগিয়ে আসেনি। দোষ দিই না কাউকে। যে এগিয়ে আসবে, তার জীবনের নিশ্চয়তা দেবে কে? সপ্তাহ দুয়েক পর পুলিশ আমাকে দূর থেকে কয়েকজনকে দেখিয়েছিল। কিন্তু আমি নিশ্চিত হতে পারিনি। ওই পর্যন্তই। এরপর আমাকে আর কেউ কিছু জানায়নি। একের পর এক খুন হচ্ছে। কিছু তো হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনি, পত্রিকায় পড়ি। সরকারের পক্ষ থেকে বলা হয়, ধর্মের বিরুদ্ধে কেউ যেন লেখালেখি না করে। বলা হয় অসামঞ্জস্যপূর্ণ আচরণ যেন কেউ না করে। এসব কথা শুনে আমরা যারা স্বজন হারিয়েছি, তাদের কী যে কষ্ট হয়, ওনারা কি বোঝেন? আমার স্বামী কি ধর্মের বিরুদ্ধে লিখেছিল? কোনো প্রমাণ আছে? শুধু ঢালাও অভিযোগ। যাঁরা খুন হচ্ছেন, তাঁরা অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছেন, যাঁরা চাপাতিতে শাণ দিচ্ছেন তাঁদের আচরণ সামঞ্জস্যপূর্ণ?
নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সবাই
সমর বিজয়, অনন্ত বিজয়ের ভগ্নিপতি

অনন্ত খুনের ঘটনায় পুলিশ কী করছে আমরা জানি না। পত্রপত্রিকা, টেলিভিশন থেকে জেনেছিলাম, সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) খুনের ঘটনা তদন্ত করছে। প্রথম প্রথম পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করত। একবার শুনেছিলাম, সিলেটের কোনো এক ফটোগ্রাফারকে গ্রেপ্তার করেছে। পরে সে জামিনে ছাড়া পেয়েছে। হয়তো পুলিশ কিছু পায়নি। পুলিশ এখন আর আগের মতো যোগাযোগ করে না। আমরাও খুব একটা খোঁজখবর করছি না। আসলে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। একটার পর একটা ঘটনা তো ঘটেই যাচ্ছে। অনন্তর বাবা রবীন্দ্র কুমার দাশ অসুস্থ ছিলেন। অনন্ত খুন হওয়ার পর আর বিছানা ছেড়ে উঠতে পারেন না। ওদের পুরো পরিবারটাই এখন একরকম লোকচক্ষুর আড়ালে থাকতে চায়।
খুনিরা যদি জানত, ওরা আমাদের কী ছিনিয়ে নিয়েছে
আখতারী সুলতানা, ওয়াশিকুর রহমানের বোন

অভিযোগপত্র পুলিশ জমা দিয়েছে শুনেছি। আমার একটা মাত্র ভাই। একটা খুনেরও যদি বিচার হতো, হয়তো আমার ভাইটা বেঁচে যেত। আমরা যখন ছোট, তখনই আমার বাবা-মা আলাদা হয়ে যান। বাবা আর বিয়ে করেননি। একা হাতে আমাদের বড় করেছেন। শুধু বাবুর (ওয়াশিকুর) জন্য আব্বা ঢাকায় থেকেছেন। আব্বা আর বাবু একটা ঘর ভাড়া করে থাকতেন। আব্বা বাবুর জন্য ভাত-তরকারি রান্না করতেন প্রতিদিন। যেদিন বাবু খুন হলো, আগের রাতে আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল। ওর একটা চাকরি হয়েছিল। বেশ ভালো বেতন। খুব খুশি গলায় বলেছিল, এই চাকরিতে ঢুকেই আব্বাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবে। ওর জন্য আর কষ্ট করতে হবে না। আর কাউকেই কষ্ট করতে দিল না বাবু। আমাদের ছেড়ে চলে গেল। যারা ওকে খুন করেছে, তারা যদি জানত, ওরা আমাদের থেকে কী ছিনিয়ে নিয়েছে! (কান্না)