চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর তাণ্ডবের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার না হলে এ ধরনের সহিংস ঘটনা রোধ করা যাবে না। গতকাল শনিবার ভূজপুর শরীয়তুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন।
ভূজপুর তাণ্ডবের দুই বছর উপলক্ষে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
সভায় প্রতিমন্ত্রী বলেন, যে দল দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই হত্যার রাজনীতি করছে। তিনি ভূজপুর তাণ্ডবের ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত অভিযোগপত্রগুলো জমা দিতে পুলিশের প্রতি আহ্বান জানান।
সেদিনের তাণ্ডব সম্পর্কে সাবেক রাষ্ট্রদূত ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে নির্মমভাবে নেতা-কর্মীদের হত্যা করা হয়।
আওয়ামী লীগের নেতা এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ভূজপুরের ঘটনার বিচার না হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, মুজিবুল হক চৌধুরী, ফখরুল আনোয়ার, খাদিজাতুল আনোয়ার, হত্যাকাণ্ডে নিহত ফারুক ইকবালের স্ত্রী সানজিদা আকতার প্রমুখ।