চট্টগ্রাম নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় যৌতুকের জন্য সঞ্চিতা চৌধুরী (৩৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর পরিবার মামলা দায়ের করলেও পুলিশ এক মাসেও কাউকে আটক করেনি। এ অবস্থায় সঞ্চিতার হত্যার বিচার পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন স্বজনেরা।
নিহত সঞ্চিতার বাবা বিমল সেন মামলার এজাহারে উল্লেখ করেন, বিয়ের পর থেকে ব্যবসা করার জন্য তাঁর মেয়ের স্বামী রিগ্যান চৌধুরী ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে না পারায় মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান স্বামীসহ পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে দুই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এর পরও থেমে থাকেনি নির্যাতন। গত ১৩ মে তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছেন বলে শ্বশুরবাড়ি থেকে ফোন করা হয়। পরে হাসপাতালে গিয়ে স্বজনেরা দেখতে পান, সঞ্চিতার লাশ পড়ে আছে। হাসপাতালে তখন ছিলেন না শ্বশুরবাড়ির কোনো লোকজন।
বিমল সেন প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে সঞ্চিতাকে শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে যৌতুকের জন্য। থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকে আটক করছে না।’
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত রিগ্যান চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান।