বিচার নিয়ে শঙ্কা বাদীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুশফিকুর রহমান ওরফে তুহিন হত্যা মামলার অভিযোগপত্র ঘটনার এক বছর পরও আদালতে দাখিল করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে মামলার তদন্ত কর্মকর্তা তিনবার পরিবর্তন করা হয়েছে। এ পরিস্থিতিতে হত্যাকাণ্ডের সঠিক বিচার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন মামলার বাদী।
মুশফিকুর রহমান (৩৮) আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের মৃত ফজলুর রহমান ছেলে। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) রয়েছে।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও তুহিনের পারিবারিক সূত্রে জানা গেছে, তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেœ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর নিজ বাড়িতে ছিলেন। তিনি অপরাধ জগৎ নামে একটি সাপ্তাহিক পত্রিকায় স্থানীয় প্রতিনিধি ছিলেন। আটপাড়া উপজেলার হাঁসকুরি বিলে ইজারা নিয়ে তুহিনের সঙ্গে একই উপজেলার লক্ষ্মীপুর, কুতুবপুর ও নারাছাতল গ্রামের বেশ কয়েক ব্যক্তির বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন গত বছরের ৮ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে তুহিনের বসতঘরে ঢুকে তাঁর ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় ধস্তাধস্তিতে লক্ষ্মীপুর গ্রামের তাজাত খাঁ ও আমীর খাঁ নামে দুই ব্যক্তি আহত হন। ওই দিন পুলিশ আহত দুইজনসহ লক্ষ্মীপুর গ্রামের রহমত মিয়া ও বাবুল মিয়া নামে মোট চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তাঁরা জামিনে রয়েছেন।
এ ঘটনার পরদিন তুহিনের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে ২৭ জন ব্যক্তিকে আসামি করে আটপাড়া থানায় মামলা করেন। মামলায় লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ও আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান উদ্দিন ওরফে সুলতুকে প্রধান আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে পলাশ মিয়া (৩০) ছাড়া অন্যরা জামিনে বেরিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, তুহিন হত্যা মামলাটির তদন্তভার আটপাড়া থানা-পুলিশের কাছ থেকে গত বছরের ২৭ অক্টোবর সিআইডিকে দেওয়া হয়।
মামলার বাদী লুৎফর রহমান বলেন, ‘সিআইডি তদন্তভার নেওয়ার পর তিনবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এক বছর চলে গেলেও আদালতে অভিযোগপত্র দেওয়া হয়নি। আসামিরাও গ্রেপ্তার হয়নি। মনে হচ্ছে ভাইকে যারা হত্যা করল তাদের বিচার আর দেখে যেতে পারব না।’
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি ময়মনসিংহ বিভাগের এএসপি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘তুহিন হত্যার রহস্য উদ্ঘাটন প্রায় শেষের দিকে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। দুই-তিন দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।’