
প্রকৃতপক্ষে যারা দুস্থ, তারা বিচার পাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আইনি সহায়তা কার্যক্রমে প্যানেল আইনজীবীদের বিপরীতে মামলায় জ্যেষ্ঠ ও প্রখ্যাত আইনজীবীদের থাকার দিক তুলে ধরে গতকাল শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘এক পক্ষে তাঁরা (জ্যেষ্ঠ-প্রখ্যাত) থাকেন। খাটো করে বলছি না, অন্য পক্ষে থাকেন যাঁরা প্রখ্যাত আইনজীবী না, এত অভিজ্ঞ না, তাঁরা।...তাই সরকারি তহবিল থেকে টাকা চলে যাচ্ছে। প্রকৃতপক্ষে দুস্থরা বিচার পাচ্ছে না।’ তিনি বলেন, যাঁরা প্যানেল আইনজীবী আছেন, তাঁদের ভালো প্রশিক্ষণ দরকার।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের সঙ্গে মতবিনিময় ও প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গতকাল শনিবার
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। আইনগত সহায়তায় নিজ উদ্যোগে একটি বড় তহবিল গঠনের কথা জানান তিনি।
শুরুতে প্রধান বিচারপতি বলেন, ‘প্রতিটি জেলায় ফৌজদারি মামলায় যাঁরা বিখ্যাত-প্রখ্যাত আইনজীবী, তাঁরা এপিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিয়োগ পেতেন, এটা সম্মানের সঙ্গে বলা হতো।...যেসব খুনের মামলা আইনজীবী নিয়োগ পেত না, জেলা প্রশাসক অনুরোধ করতেন প্রখ্যাত আইনজীবীকে ডিফেন্ড করার জন্য। উনি স্বাচ্ছন্দ্যে বিনা পয়সায় করতেন। এই নীতি বেশ কিছু সময় চলার পরে এটা আর এখন দেখা যাচ্ছে না। এখন এপিপি বলতে একটা যেকোনো সরকারি দল, যা-ই থাকে তাদের একটি প্যানেল লিস্ট করা হয়, এর বাইরে নিয়োগ দেওয়া হয় না।’
সম্প্রতি গাজীপুরের কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনের দিক তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ধনাঢ্য পরিবারের ছেলেমেয়েরাও সেখানে আছে ষড়যন্ত্রের কারণে।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব টাইটাস হিল্লোল রেমা। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে। কমিটির মাধ্যমে অসহায়, অসচ্ছল ও সুবিধাবঞ্চিতদের বিনা পয়সায় সরকারি অর্থে আইনি সহায়তা দেওয়া হয়।