বিচার পাচ্ছে না মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে মেয়েটিকে (১৫) ধর্ষণ করা হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় মেলামেশা। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু প্রেমিক পুরুষটি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে শুরু করে টালবাহানা। ধূর্ত সেই প্রেমিক এখন গা-ঢাকা দেওয়ায় মেয়েটি পড়েছে বিপাকে। ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার। ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামে কয়েকটি সালিস বৈঠক হলেও এখনো কোনো মীমাংসা হয়নি। মাতব্বরদের সিদ্ধান্ত উপেক্ষা করে আইনের সহায়তাও নিতে পারছে না মেয়েটির পরিবার।গত শুক্রবার সরেজমিন গিয়ে কথা হয় প্রতারণার শিকার মেয়েটির সঙ্গে। সে জানায়, আষাঢ় মাসের কোনো এক রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে সে বাড়ির পেছনের জঙ্গলে যায়। সেখানে ওত পেতে থাকা পাশের বাড়ির ফারুক মিয়া (৩০) তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই জঙ্গলেই ধর্ষণ করেন। চলে যাওয়ার সময় তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন ফারুক। এ ঘটনার পর প্রায়ই তার সঙ্গে মেলামেশা করতেন ফারুক। একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন ফারুক তাকে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।খোঁজ নিয়ে জানা গেছে, ফারুক মিয়া দুই সন্তানের জনক। ঘটনা জানাজানি হওয়ার পর গ্রাম্য মাতব্বরেরা কয়েকটি সালিস বৈঠকে বসেন। কিন্তু কোনো সমাধানে আসতে পারেননি তাঁরা। এদিকে মেয়েটি এখন তিন-চার মাসের অন্তঃসত্ত্বা বলে তার মা জানিয়েছেন। সালিসকারী স্থানীয় ইউপি সদস্য ফরিদ মিয়া, আ. রাশিদ, মো. কেনু মিয়া জানান, কয়েকটি সালিসে ফারুক উপস্থিত ছিলেন। তিনি কোনো দোষ স্বীকার করেননি। তবে পরোক্ষভাবে তিনি ঘটনাটি টাকার বিনিময়ে মীমাংসা করতে চান বলে জানিয়েছেন। সালিসকারীরা আরও জানান, এমন একটি অপকর্ম তো টাকা দিয়ে মীমাংসা করা যায় না।মেয়েটির মা জানান, মাতব্বরেরা বিচারের আশ্বাস দিয়ে সময় নষ্ট করায় আইনের আশ্রয় নিতে পারছেন না তাঁরা। এ ব্যাপারে সালিসকারীদের বক্তব্য জানতে চাইলে তাঁরা বলেন, কয়েক দিনের মধ্যে আবার বসবেন তাঁরা। তখন একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ফারুক মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা আহেরাজু (৫৮) বলেন, ‘ওই সব কথা গ্রামে বলাবলি হচ্ছে। ঘটনা সত্য না মিথ্যা, জানি না।’