বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর হলে জনগণের আস্থা বাড়বে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর হলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বাড়বে। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী জজদের ২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শফিক আহমেদ বলেন, মামলার শুনানিতে দীর্ঘসূত্রতা, বিনা কারণে শুনানি মুলতবিসহ আরও নানা কারণে বিচারকাজ প্রলম্বিত হয়। এতে বিচারপ্রার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হন। অভিযোগ বা বিরোধের দ্রুত নিষ্পত্তির আশা নিয়ে বিচার প্রত্যাশীরা আদালতের দ্বারস্থ হন। তাঁরা যেন দ্রুত বিচার পান সেই লক্ষ্যে দরদি মন নিয়ে দৃঢ়তা, সততা, নিষ্ঠা ও সুষ্ঠুভাবে বিচারকদের ওপর অর্পিত গুরুদায়িত্ব পালন করতে হবে।
আইনমন্ত্রী বলেন, পত্রিকায় মাঝেমধ্যে বিচার বিভাগের দুর্নীতির বিষয় আসে। বিচার বিভাগ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করে আইনমন্ত্রী এ লক্ষ্যে সুচারুরূপে দায়িত্ব পালনে আন্তরিক হতে বিচারকদের প্রতি আহ্বান জানান।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক মো. মফিজুল ইসলাম বক্তব্য দেন। দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতাল প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে শফিক আহমেদ বলেন, হাইকোর্ট বা কোনো আদালত কোনো রায় দিলে সেটা সবারই মেনে নেওয়া উচিত। রায়ের বিরুদ্ধে আপিলের ব্যবস্থা আছে। কোনো রায়ের পর এর বিরুদ্ধে হরতাল ও রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি আইনের শাসনের পরিপন্থী।