বিচার বিভাগ এখনো অর্থনৈতিকভাবে স্বাধীন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, বিচার বিভাগ স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে এখনো স্বাধীন হয়নি। বিচার বিভাগের আর্থিক সহযোগিতার জন্য প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হয়। এটি অনেকটা হাত-পা বেঁধে মানুষকে পানিতে ফেলে দেওয়ার মতো অবস্থা। গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, একসময় বিচারক ও আইনজীবী একে অপরের পরিপূরক ছিলেন। আইনজীবীরাই বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় কাজ করেছেন।
নোয়াখালী জেলা জজ আদালতের বিভিন্ন পুরোনো মামলা দীর্ঘদিনেও নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে এসব মামলা নিষ্পত্তি করতে হবে।
জেলা ও দায়রা জজ রেজা তারেক আহমদের সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহতাব হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুরাদ এ মাওলা, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ প্রমুখ।